তাঁর দল ম্যাচ জিতেছিল। ম্যাচের সেরা হয়েছিলেন তিনি। কিন্তু নিজের পুরস্কার ভারতের দাবাড়ু বিদিত গুজরাতিকে দিয়ে দিলেন ম্যাগনাস কার্লসেন। দাবার পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের কাজে মুগ্ধ তাঁর ভক্তেরা।
গ্লোবাল চেস লিগে খেলা ছিল কার্লসেনের আলপাইন এপিএল পাইপার্স বনাম ফিয়ার্স আমেরিকান গ্যাম্বিটসের। ৯-৭ ফলে ম্যাচ জেতে আলপাইন। ম্যাচের সেরার পুরস্কার দেওয়া হয় দলের অধিনায়ক কার্লসেনকে।
পুরস্কার পাওয়ার পরেই মাইক্রোফোন হাতে তুলে নেন কার্লসেন। তিনি বলেন, “ম্যাচ জিতেছি। তাতেই আমি খুশি। কিন্তু এই পুরস্কার তার প্রাপ্য, যার জন্য আমরা জিতেছি। তাই সম্মানের সঙ্গে এই পুরস্কার আমি বিদিতের হাতে তুলে দিতে চাই।” কার্লসেনের এই ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল। প্রত্যেকে তাঁর এই কাজের প্রশংসা করেছেন।
আরও পড়ুন:
কার্লসেনের হাত থেকে পুরস্কার নেন বিদিত। পরে সমাজমাধ্যমে সেই ভিডিয়ো পোস্ট করে তিনি বলেন, “এটা আমার কেরিয়ারের অন্যতম সেরা মুহূর্ত। বিশ্বের সর্বকালের সেরার (গোট) হাত থেকে এই পুরস্কার পেলাম। ধন্যবাদ ম্যাগনাস।”
গ্লোবাল চেস লিগে ফাইনালে ওঠার লড়াইয়ে এগিয়ে গিয়েছেন কার্লসেনরা। গত বারের চ্যাম্পিয়ন তাঁরা। কার্লসেন নিজে হারান জ়াভোখির সিন্দারভকে। অন্য ম্যাচে দানিল দুবোভকে হারান বিদিত। এই রাউন্ডের আগে দুই দলের পয়েন্ট ছিল ৭-৭। কার্লসেন ও বিদিতের জয়ের পর রাউন্ড জেতে আলপাইন। তার পরেই মন জিতে নেন কার্লসেন।