Advertisement
E-Paper

৩০ বলে ১০০! এক শর্মার তাণ্ডবে ভেঙে গেল আর এক শর্মার নজির, টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক টপকে গেলেন রোহিতকে

আফগানিস্তানের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে আগ্রাসী রূপে দেখা গেল অভিষেক শর্মাকে। একাধিক নজির গড়লেন তিনি। শুরু থেকে চালিয়ে খেলেছেন ভারতের ওপেনার।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬ ২০:৪২
cricket

শতরানের পর অভিষেকের উল্লাস। ছবি: পিটিআই।

প্রথম বল থেকে আক্রমণ শুরু করেছিলেন। তা শেষ হল ৩৪ বলে এসে। তার মাঝে একাধিক নজির গড়লেন অভিষেক শর্মা। ভারতীয় হিসাবে টি-টোয়েন্টিতে দ্রুততম শতরান করলেন তিনি। ভেঙে দিলেন আর এক শর্মা, রোহিতের নজির। পাশাপাশি আইসিসি-র পূর্ণ সদস্য দেশ হিসাবে টি-টোয়েন্টিতে দ্রুততম শতরানের নিরিখে তিনিই সকলের আগে চলে এলেন।

১) ভারতীয় হিসাবে টি-টোয়েন্টিতে দ্রুততম শতরানের নজির ছিল রোহিতের। ২০১৭-য় শ্রীলঙ্কার বিরুদ্ধে ইনদওরে ৩৫ বলে শতরান করেছিলেন তিনি। অভিষেক করলেন ৩০ বলে।

২) টি-টোয়েন্টিতে দ্রুততম শতরানের নিরিখে তিন নম্বরে চলে এলেন অভিষেক। তার আগে রয়েছেন এস্তোনিয়ার সাহিল চৌহান এবং তুরস্কের মহম্মদ ফাহাদ। ২০২৪-এ সাইপ্রাসের বিরুদ্ধে ২৭ বলে শতরান করেছিলেন সাহিল। ২০২৫-এ বুলগেরিয়ার বিরুদ্ধে ২৯ বলে শতরান করেন ফাহাদ। তার পরেই রয়েছেন অভিষেক।

৩) আইসিসি-র পূর্ণ সদস্যের দেশগুলির নিরিখে দ্রুততম শতরান করলেন অভিষেক। আগের রেকর্ড ছিল জ়িম্বাবোয়ের সিকান্দার রাজা এবং নিউ জ়িল্যান্ডের ফিন অ্যালেনের। রাজা ২০২৪-এ গাম্বিয়ার বিরুদ্ধে নজির গড়েছিলেন। অ্যালেনের নজির এসেছিল এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে, সাউথ আফ্রিকার বিরুদ্ধে।

৪) ভারতীয় হিসাবে একটি টি-টোয়েন্টি ইনিংসে সবচেয়ে বেশি ছয় মারার তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেন তিনি। শীর্ষেও অভিষেকই আছেন। গত বছর ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩টি ছয় মেরেছিলেন। বৃহস্পতিবার মেরেছিলেন ১১টি। ২০১৭-য় রোহিত মেরেছিলেন ১০টি ছয়। এ ছাড়াও ১০টি করে ছয় রয়েছে সঞ্জু স্যামসন, তিলক বর্মা এবং ঈশান কিশনের।

৫) টি-টোয়েন্টিতে এক ক্যালেন্ডার বর্ষে সবচেয়ে বেশি ছয় মারার তালিকায় ভারতীয়দের মধ্যে দ্বিতীয় স্থানে অভিষেক। তিনি এ বছর এখনও পর্যন্ত ৯৬টি ছয় মেরেছেন। গত বছর ১০৮টি ছয় মেরেছিলেন। এ বছর যে পরিমাণ টি-টোয়েন্টি বাকি তাতে নিজের রেকর্ড নিজেই ভেঙে দিতে পারেন তিনি।

Abhishek Sharma Rohit Sharma India vs Afghanistan

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy