‘ভাগ মিলখা ভাগ’ সিনেমার শেষের দিকের একটি সংলাপ। আর সেই সংলাপই উদ্বুদ্ধ করেছে বৈভব সূর্যবংশীকে। মঙ্গলবার তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ব্যাট হাতে বৈভবের আগ্রাসী ইনিংস দেখার পর এমনই মন্তব্য করেছেন অভিষেক শর্মা। জানিয়েছেন, ম্যাচের আগের দিনই বৈভব মনে মনে এমন শপথ নিয়েছিল।
‘ভাগ মিলখা ভাগ’ সিনেমায় মিলখা সিংহ পাকিস্তানের আমন্ত্রণে সে দেশে দৌড়তে গিয়েছিলেন আব্দুল খালিকের বিরুদ্ধে, যিনি ‘এশিয়ার উড়ন্ত পাখি’ হিসাবে পরিচিত ছিলেন। সিনেমায় দেখানো হয়েছে, সেই দৌড়ের আগে খালিকের কোচ মিলখাকে বলছেন, এটাই তাঁর জীবনের শেষ দৌড় হতে চলেছে। মিলখা জবাব দিয়েছিলেন, তিনিও সেটা মাথায় রেখেই দৌড়বেন। এই কথাটিই অনুপ্রাণিত করেছে বৈভবকে।
বোর্ডের প্রকাশিত একটি ভিডিয়োয় অভিষেক বলেছেন, “বৈভব আগের দিনই নেটে অনুশীলনের সময় আমাকে বলেছিল, ‘ভাইয়া, আমিও ও ভাবেই খেলব, যে ভাবে ভাগ মিলখা ভাগ সিনেমায় দেখানো হয়েছে’। আজ বৈভব সেটাই করে দেখিয়েছে।”
এর পর অভিষেক এবং বৈভব একে অপরের ব্যাটিংয়ের প্রশংসা করেছেন। বৈভব বলেছে, “অভিষেক ভাইয়ের ব্যাটিং নিয়ে আর কী বলব। সকলেই জানে ও কী ভাবে খেলে।” পাল্টা অভিষেক বলেন, “বৈভবের আলাদা করে প্রশংসা প্রাপ্য। আজ ও যা করেছে তা আমাদের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।”
মঙ্গলবার প্রথম বলেই জেকব ডাফিকে চার মেরে শুরু করেছিল বৈভব। অভিষেক প্রশ্ন করেন, প্রথম বলে এমন শটের কথা কি আগে থেকেই ভাবা ছিল? বৈভব বলে, “হ্যাঁ তা ছিল। আসলে আগের ম্যাচে আমি সময় নিয়ে খেলতে চেয়েছিলাম। টি-টোয়েন্টিতে যেমন খেলি, তার বিপরীতে খেলতে চেয়েছিলাম। কিন্তু এ বার পাওয়ার প্লে-তে ব্যাট করার সুযোগ পেয়েছিলাম। তাই ঠিক করেছিলাম শুরুটা ভাল ভাবে করব যাতে দলের কাছে রান তাড়া করা সহজ হয়ে যায়।”
এর প্রেক্ষিতে অভিষেক বলেন, “আসলে ১৯০ বা ২০০ রান তাড়া করতে নামলে প্রথম ওভারে বিপক্ষের সেরা বোলারের বল খেলা মুশকিলের হয়ে যায়। কিন্তু বৈভব যে আগ্রাসন নিয়ে খেলা শুরু করল তা অনবদ্য। আমি উল্টো দিক থেকে সব দেখেছি। প্রথম বলের সময় নন-স্ট্রাইকারও উত্তেজিত থাকে। যা দেখলাম তা ভোলার নয়।” হাসতে হাসতে বৈভব বলে, “অভিষেক ভাই যে ভাবে শুরু করেছিল তাতে ওরা শুরুতেই ছিটকে গিয়েছিল। তার পর ম্যাচ থেকেই বেরিয়ে গেল। আমাদের গ্রামে এ রকম ব্যাটিং দেখলে বলাবলি হয়, ছাদে ক্রিকেট খেলছে। অভিষেক ভাইয়ের ব্যাটিং দেখে সেটাই মনে হয়েছে।”
আরও পড়ুন:
বৈভবকে ওপেন করতে দেওয়ার জন্য সঞ্জু স্যামসন ব্যাট করেছেন তিনে। তাঁর প্রশংসা করে অভিষেক বলেন, “সঞ্জু ভাই এত দিন ওপেন করছিলাম। কিন্তু এই দলে সকলেই স্বার্থহীন ক্রিকেটার। গোটা দলের মধ্যে আজ অসাধারণ পরিবেশ দেখা গিয়েছে। সঞ্জু ভাই সেই মানসিকতা দেখিয়েছে। গোটা দল ভাল খেলেছে।”