এক দিনের সিরিজ় খেলতে নিউ জ়িল্যান্ডে গিয়েছেন তিনি। অকল্যান্ড বিমানবন্দর থেকে বেরোতেই বিরাট কোহলিকে নিয়ে সমর্থকদের উন্মাদনা দেখা গেল। কোহলিকে কাছ থেকে দেখার জন্য প্রবাসী ভারতীয় সমর্থকেরা হাজির হয়েছিলেন বিমানবন্দরে। সেখানেই কোহলিকে নিয়ে মাতামাতি দেখা গিয়েছে। নিউ জ়িল্যান্ডে গিয়েই সময় নষ্ট না করে অনুশীলনে নেমে পড়েছেন কোহলি।
সমাজমাধ্যমে কোহলির একাধিক ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। দেখা গিয়েছে, বিমানবন্দর থেকে বেরোতেই কোহলিকে ছেঁকে ধরেছেন সমর্থকেরা। কোহলিকে এক বার দেখা, তাঁর সই নেওয়া এবং নিজস্বী তোলার জন্য বহু ঘণ্টা ধরে বিমানবন্দরে অপেক্ষা করছিলেন সমর্থকেরা। হাতের সামনে ভারতীয় ক্রিকেটারকে পেয়ে কেউই সুযোগ হাতছাড়া করতে চাননি।
কোহলিকে ঘিরে ছিল নিরাপত্তারক্ষীদের বেষ্টনী। তার মধ্যেই কয়েক জন কোহলির কাছে যাওয়ার চেষ্টা করেন। এক মহিলা সমর্থক চিৎকার করে বলতে থাকেন, “কোহলি ভাই, আপনার জন্য অনেক ঘণ্টা ধরে অপেক্ষা করে আছি। দয়া করে একটা ছবি সই করে দিন।” কোহলি হাসতে হাসতে বলেন, “একটু অপেক্ষা করুন।” এর পরেই ওই সমর্থকের আনা একটি পোস্টারে সই করেন কোহলি। তার পর ওই সমর্থক ছবি তোলার জন্যও অনুরোধ করেন। ক্রমশ ভিড় বাড়তে থাকায় কোহলিকে দ্রুত বিমানবন্দর থেকে বার করে নিয়ে যান নিরাপত্তারক্ষীরা।
আরও পড়ুন:
এর কয়েক ঘণ্টা পরেই ভারতীয় বোর্ডের তরফে একটি ভিডিয়ো পোস্ট করে লেখা হয়, “ওরা ফিরে এসেছে।” সেই ভিডিয়োয় কোহলি এবং রোহিত শর্মাকে অনুশীলন করতে দেখা গিয়েছে। রো-কো’র আগেই নিউ জ়িল্যান্ডে পৌঁছে গিয়েছেন শুভমন গিল, কেএল রাহুলেরা। জসপ্রীত বুমরাহ এবং ঋষভ পন্থের যাওয়া এখনও বাকি।