ঠিক দু’বছর আগে মেয়েদের এশিয়া কাপ ফাইনালেও মুখোমুখি হয়েছিল ভারত এবং শ্রীলঙ্কা। পড়শি দেশের ব্যাটারদের সামনে উড়ে গিয়েছিল ভারত। রবিবার দুবাইয়ে পুরনো ক্ষত মেটাতে চান হরমনপ্রীত কৌরেরা। অধিনায়ক সতীর্থদের কাছে আর্জি জানিয়েছেন যেন প্রত্যেকে নিজেদের সেরাটা দেন। ব্যাটারদের আরও দায়িত্ব নেওয়ার অনুরোধও করেছেন তিনি।
ভারতের পাশাপাশি প্রতিযোগিতায় ভাল খেলেছে একমাত্র শ্রীলঙ্কাই। দুই দলই ফাইনালে নামছে। ম্যাচের আগের দিন হরমনপ্রীত বলেছেন, “প্রতিযোগিতার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনে যখন আপনি ম্যাচ খেলতে নামবেন, সেই দিন নিজের শক্তি কাজে লাগানোই আসল কথা। নিজের দক্ষতার উপরে ভরসা রাখতে হবে। বাড়তি কিছু করার চেষ্টা না করে নিজের শক্তির উপর বিশ্বাস রাখতে হবে। নিজেকে নিজেই অনুপ্রাণিত করতে হবে।”
পাকিস্তানকে কোনও মতে হারিয়ে ফাইনালে উঠলেও শ্রীলঙ্কাকে মোটেই হালকা ভাবে নিতে রাজি নন হরমনপ্রীত। তাঁর সাফ কথা, “শেষ বার শ্রীলঙ্কার বিরুদ্ধে ফাইনাল খেলার দিন ওরা দুর্দান্ত পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছিল। দারুণ খেলেছিল। টি-টোয়েন্টি এমন একটা ফরম্যাট যেখানে আসল দিনে যে ভাল খেলবে সে-ই জিতবে। এখানে কোনও দল কারও চেয়ে শক্তিশালী বা দুর্বল নয়। আসল দিনে কে কেমন খেলছে তার উপরেই সব নির্ভর করে।”
আরও পড়ুন:
এশিয়া কাপের বিভিন্ন ম্যাচে বিভিন্ন সতীর্থ যে ভাবে এগিয়ে এসে নিজেদের দায়িত্ব পালন করেছেন তাতে খুশি হরমনপ্রীত। বলেছেন, “দলের প্রত্যেকে আমার কাছে গুরুত্বপূর্ণ এবং ওদের অবদান সব সময় মনে রাখব। যে-ই সুযোগ পাচ্ছে, দুর্দান্ত খেলে প্রশংসা আদায় করে নিচ্ছে। আমাদের ব্যাটিং বিভাগ মাঝেমাঝেই সমস্যায় পড়েছে। তবু স্কোরবোর্ডে যথেষ্ট রান তুলেছে। বোলারেরা দরকারের সময় ভাল বল করেছে।”