ইমাম উল-হকের ভুয়ো চোট এবং ইংল্যান্ডে খারাপ পারফরম্যান্সের জেরে সাত ক্রিকেটারকে বাড়ি পাঠানোর জেরে প্রবল গন্ডগোল পাকিস্তানের ক্রিকেটে। দলের এই অবস্থা দেখে ব্যথিত নির্বাচক কমিটির প্রধান আকিব জাভেদই। তাঁর আক্ষেপ, এই ঘটনায় গোটা বিশ্বের কাছে হাসির পাত্র হয়ে গিয়েছেন তাঁরা। তিনি তোপ দেগেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজ়মের দিকে।
এক সাক্ষাৎকারে তিনি এই নিয়ে প্রশ্ন তুলে বলেছেন, “দলের প্রথম সাত ব্যাটারের কেউ বল করে না। আমাদের একজন অলরাউন্ডার থাকা উচিত। তার চেয়ে দরকারি উবেদ শাহ, যে ঘণ্টায় ১৪০ কিলোমিটারে বল করতে পারে। একজন জোরে বোলার আপনার বোলিং আক্রমণ বদলে দিতে পারে। ফর্মে না থাকা সলমন আঘাকে বসানোর ব্যাপারটা বুঝতে পেরেছি। কিন্তু মহম্মদ রিজ়ওয়ানের জায়গায় ঘাজ়ি ঘোরিকে নেওয়া উচিত ছিল। দল পরিচালন সমিতি কঠিন সিদ্ধান্ত নিতে না পারলে ব্যবস্থা তো নেওয়া হবেই। আমরা সিরিজ় হেরে গিয়েছি। গোটা বিশ্ব আমাদের দেখে হাসছে। কারণ আমরা লড়াইটাই করতে পারছি না।”
বার বার দলের বিষয়ে নাক গলানোর অভিযোগ উঠেছে পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে। জাভেদের সাফ কথা, মাঝে মাঝে দলের কাজকর্মের ব্যাপারে তাঁদের হস্তক্ষেপ করতেই হবে। তবে প্রথম একাদশ নির্বাচনে কোনও ভূমিকা রাখতে চান না তাঁরা। জাভেদের কথায়, “যখন পরিকল্পনার সঙ্গে সিদ্ধান্ত মেলে না, তখন প্রথম একাদশ ঠিক করতে কিছু বার্তা পাঠানো হয়। বাকি আর কিছু দেখি না আমরা।”
আরও পড়ুন:
কেন সাত নতুন ক্রিকেটারকে ইংল্যান্ডে পাঠানো হচ্ছে, সেই যুক্তিও শোনা গিয়েছে জাভেদের গলায়। বলেছেন, “সিরিজ় হেরে গিয়েছি। আর কিছু হারার বাকি নেই। তাই তরুণ ক্রিকেটারদের ইংল্যান্ডে পাঠানোয় কোনও ক্ষতি নেই। অন্তত বিশ্ব জানতে পারবে পাকিস্তানে কী ধরনের প্রতিভা রয়েছে। যাদের ফেরত পাঠানো হচ্ছে দেশের তাদের আমরা এই বার্তাই দিতে চাই, নিজেদের খেলাকে উন্নতি করো এবং ফিরে এসো দলে।”