Advertisement
E-Paper

নিউ জ়িল্যান্ড টেস্টে অনিশ্চিত পন্থ, চোটের জন্য ছিটকে গেলেন ভারত ‘এ’ দলের ম্যাচ থেকে, দীর্ঘ হচ্ছে ক্রিকেটে ফেরার পথ

আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের পথ আরও দীর্ঘ হচ্ছে ঋষভ পন্থের। নিউ জ়িল্যান্ড ‘এ’ দলের বিরুদ্ধে ভারত ‘এ’ দলের তৃতীয় বেসরকারি টেস্ট থেকে ছিটকে গেলেন তিনি। ভারতীয় বোর্ড এ কথা জানিয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৬ ২০:৩১
cricket

ঋষভ পন্থ। — ফাইল চিত্র।

আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের পথ আরও দীর্ঘ হচ্ছে ঋষভ পন্থের। নিউ জ়িল্যান্ড ‘এ’ দলের বিরুদ্ধে ভারত ‘এ’ দলের তৃতীয় বেসরকারি টেস্ট থেকে ছিটকে গেলেন তিনি। ৭ নভেম্বর থেকে ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল লিঙ্কনে। তবে সাবধানতা অবলম্বনের জন্য তাঁকে সেই টেস্টে খেলানো হবে না। ভারতীয় বোর্ড এ কথা জানিয়েছে। ফলে ভারতের প্রথম টেস্টে তিনি খেলতে পারবেন কি না তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।

সম্প্রতি অনুশীলন শুরু করেছিলেন পন্থ। তাঁর শরীরে কোথাও কোনও ব্যথাও ছিল না। তবে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্য কবে তিনি তৈরি হবেন তা বোঝা যাচ্ছে না।

বোর্ডের এক সূত্র সংবাদ সংস্থাকে জানিয়েছেন, “নিউ জ়িল্যান্ড ‘এ’ দলের বিরুদ্ধে তৃতীয় টেস্ট থেকে ছিটকে গিয়েছেন পন্থ। সাবধানতার জন্য তাঁকে সরিয়ে নেওয়া হয়েছে। পন্থ অনুশীলন শুরু করেছিল। কোনও ব্যথাও ছিল না।”

দীর্ঘ দিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে তিনি। তাই টেস্ট সিরিজ় শুরুর আগে পন্থকে ভারত ‘এ’ দলের হয়ে খেলিয়ে দেখে নেওয়ার চেষ্টা হয়েছিল যে তিনি কতটা সুস্থ। কিন্তু সেই ম্যাচ থেকে ছিটকে যাওয়ায় সরাসরি টেস্টে নামিয়ে দেওয়া হবে কি না তা নিয়ে তৈরি হয়েছে ধন্দ।

নিউ জ়িল্যান্ড ‘এ’ দলের বিরুদ্ধে প্রথম দু’টি ম্যাচেও খেলতে পারেননি পন্থ। শেষ মুহূর্তে ভারতীয় বোর্ড কুমার কুশাগ্রের নাম বিকল্প হিসাবে ঘোষণা করে। ইরানি কাপে খেলতে গিয়ে চোট পেয়েছিলেন পন্থ। সুইপ শট মারতে গিয়ে চোট পান।

পন্থ খেলতে নামলে ধ্রুব জুরেলের উইকেটকিপার হিসাবে খেলার সম্ভাবনা প্রবল। তিনি ভারত ‘এ’ দলের বিরুদ্ধে প্রথম টেস্টে শতরান করে নির্বাচকদের আশ্বস্ত করেছেন।

Rishabh Pant BCCI India A

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy