Advertisement
E-Paper

মেসির আর্জেন্টিনা, না ইয়ামালের স্পেন! কে জিতবে বিশ্বকাপ? নিজের মতামত জানিয়ে দিলেন রোনাল্ডো

বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা বনাম স্পেন। দুই শক্তিশালী দলের লড়াইয়ে শেষ হাসি হাসবে কে? নিজের মতামত জানালেন ব্রাজ়িলের রোনাল্ডো।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ জুলাই ২০২৬ ২০:১৫
football

(বাঁ দিকে) লিয়োনেল মেসি ও লামিন ইয়ামাল (ডান দিকে)। —ফাইল চিত্র।

কোনও সংশয় নেই ব্রাজ়িলের কিংবদন্তি রোনাল্ডো নাজ়ারিয়োর মনে। তিনি বিশ্বাস করেন, বিশ্বকাপের ফাইনালে গত বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে দেবে স্পেন। ব্রাজ়িলের একটি সংবাদমাধ্যমে নিজের মতামত জানিয়ে দিয়েছেন রোনাল্ডো।

ইটালি ও ব্রাজ়িলের পর তৃতীয় দল হিসাবে পর পর দু’বার বিশ্বকাপ জেতার সুযোগ রয়েছে আর্জেন্টিনার। সেটা হবে না বলেই মনে করেন রোনাল্ডো। তিনি বলেন, “আমার মনে হয়, স্পেন হাসতে হাসতে জিতবে।” চলতি বিশ্বকাপে মাত্র একটি গোল খেয়েছে স্পেন। তাদের রক্ষণই তাদের চ্যাম্পিয়ন করবে বলে মনে করেন রোনাল্ডো।

নিজের মতামতের ব্যাখ্যাও দিয়েছেন রোনাল্ডো। তিনি বলেন, “আমার দুই পছন্দের দল ছিল স্পেন ও ফ্রান্স। কিন্তু সেমিফাইনালেই তারা মুখোমুখি হয়ে গেল। নইলে তাদেরই ফাইনাল খেলার কথা ছিল। আমার মনে হয় না, স্পেন যদি এক বা দু’গোল দিয়ে দেয়, তা হলে আর্জেন্টিনা আর খেলায় ফিরতে পারবে। কারণ, স্পেন সারা ক্ষণ বলের দখল রাখে। প্রতিপক্ষকে ফেরার সুযোগই দেয় না।”

রোনাল্ডোর কথার যুক্তি রয়েছে। স্পেন এ বারের বিশ্বকাপের সবচেয়ে ধারাবাহিক দল। কোনও সময়ই মনে হয়নি তারা চাপে রয়েছে। বেলজিয়াম, পর্তুগাল, ফ্রান্সের মতো দলকে হেলায় হারিয়েছে। সেখানে কাবো ভার্দে, মিশরের মতো দলকে হারাতেও কালঘাম ছুটেছে আর্জেন্টিনার। নকআউটে বার বার শেষ মুহূর্তে জিতেছে তারা। তাই স্পেনকেই বেশি দাবিদার মনে করেছেন রোনাল্ডো।

football

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

তবে তাঁর যুক্তির বিরুদ্ধেও একটি যুক্তি রয়েছে। প্রথম ম্যাচেই কাবো ভার্দের কাছে আটকে গিয়েছিল স্পেন। সেই কাবো ভার্দেকে হারিয়েছে আর্জেন্টিনা। এই বিশ্বকাপে লিয়োনেল মেসিরা কঠিন সময় দেখেছেন। হারের মুখ থেকে জিতেছেন। সব রকম পরিস্থিতির সামনে পড়েছেন। লামিন ইয়ামালেরা তা দেখেননি। ফলে যদি আর্জেন্টিনা শুরুতে গোল দিয়ে দেয়, তা হলে চাপে পড়তে পারে স্পেন। কারণ, তারা যেমন মাত্র একটি গোল খেয়েছে, তেমনই গোল করেছেও কম। ফাইনালে তা কাজে লাগাতে পারে আর্জেন্টিনা।

সংক্ষেপে
  • ১৬ বছর পর আবার বিশ্বকাপ জিতল স্পেন। রবিবার নিউ জার্সিতে শুরু থেকে শেষ পর্যন্ত দাপটের সঙ্গে খেলে আর্জেন্টিনাকে হারিয়েছে তারা।
  • বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়েছে স্পেন। প্রতিযোগিতা শেষে চার পুরস্কার গেল কাদের ঝুলিতে?
  • লিয়োনেল মেসি থাকার পরেও শেষরক্ষা হল না আর্জেন্টিনার। স্পেনের কাছে বিশ্বকাপ ফাইনালে হারতে হল। মেসিদের হারের পাঁচ কারণ কী কী?
Lionel Messi Lamine Yamal Ronaldo Nazario

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy