Advertisement
E-Paper

নিলম্বিত রোনাল্ডো! জাতীয় শিবির ছেড়ে বেরিয়ে যাওয়ার অপরাধে অধিনায়ককে শাস্তি পর্তুগিজ ফুটবল সংস্থার

কোচ না খেলানোয় নেশন্‌স লিগ চলাকালীন জাতীয় শিবির ছেড়ে চলে গিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সেই অপরাধে তাঁকে সাময়িক ভাবে নিলম্বিত করল পর্তুগালের ফুটবল সংস্থা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২৬ ২০:১৮
football

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ছবি: রয়টার্স।

কোচ না খেলানোয় প্রতিবাদ করে নেশন্‌স লিগ চলাকালীন জাতীয় শিবির ছেড়ে চলে গিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সেই অপরাধে তাঁকে সাময়িক ভাবে নিলম্বিত করল পর্তুগালের ফুটবল সংস্থা। ঠিক কত ম্যাচের জন্য রোনাল্ডো নির্বাসিত হতে চলেছেন তা পরে জানা যাবে। আপাতত তিনি জাতীয় দলের হয়ে খেলতে পারবেন না। যদিও এমন শাস্তি যে হতে পারে তার আশঙ্কা আগেই করেছিলেন রোনাল্ডো।

শনিবার একটি বিবৃতিতে পর্তুগিজ সংস্থা জানিয়েছে, রোনাল্ডোকে সাময়িক নিলম্বিত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তদন্ত শুরু হয়েছে। যত দিন তদন্ত শেষ না হচ্ছে রোনাল্ডো নিলম্বিতই থাকবেন। এক থেকে ছ’মাসের জন্য নির্বাসিত হতে পারেন রোনাল্ডো।

কোচ জর্জ জেসুস নরওয়ের বিরুদ্ধে না খেলানোয় আচমকাই জাতীয় শিবির ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন রোনাল্ডো। দাবি করেছিলেন, পরে পুরো ঘটনা প্রকাশ্যে আনবেন। মঙ্গলবার রাতে সমাজমাধ্যমে দীর্ঘ বার্তায় জেসুসের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করেন রোনাল্ডো।

পর্তুগালের অধিনায়ক লিখেছিলেন, “আরও একটা প্রতিশ্রুতি দিয়ে যদি আবার তা ভাঙা হয়, তার অপেক্ষা না করে আমি জাতীয় শিবির ছাড়ার সিদ্ধান্ত নিই। আমার কাছে সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হল বিশ্বাস। তা যতই কঠিন হোক, সত্যটা যাতে আমায় বলা হয় সেটাই চেয়েছিলাম। সাংবাদিক বৈঠকের আগের সকালে পর্তুগিজ় ফুটবল সংস্থার সভাপতির সঙ্গে বৈঠকে জানিয়েছিলাম, ওরা যদি আমার উপস্থিতি না চান, তা হলে বলে দিতে পারেন। আমি সেটা মেনেও নিতাম। কেউ তাতে রাজি হননি। সকলে একজোটে বলেছিলেন, জাতীয় দলে এখনও আমার জায়গা রয়েছে।”

রোনাল্ডো আরও লিখেছিলেন, “আমি যা করেছি তা খতিয়ে দেখা উচিত পর্তুগিজ ফুটবল সংস্থার এবং আমাকে শাস্তি দেওয়া উচিত। কোনও ভাবেই সেই শাস্তি যেন কম না হয়। আমি সাধারণ ফুটবলার নই, দলে অধিনায়ক। সেটাই অনেক বড় ব্যাপার। আগেই ক্ষমা চেয়েছি। কিন্তু খারাপ কাজ করলে যে শাস্তি পেতে হবে সেটা জানি। বিশ্বফুটবলে যারা খেলে তারা জানে নিয়ম সকলের জন্য এক, সে যত বড় ফুটবলারই হোক না কেন।”

Cristiano Ronaldo Portugal Football

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy