বিশ্বকাপের পর কোথায় দেখা যায়নি তাঁকে। অবশেষে প্রকাশ্যে এলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। মঙ্গলবার তাঁকে দেখা গেল আল নাসের বনাম ইউডি আলমেরিয়ার ম্যাচে। গ্যালারি থেকে নিজের দলের হার দেখলেন রোনাল্ডো। তাঁর দল আল নাসের হারল আলমেরিয়ার কাছে। ঘটনাচক্রে, স্পেনের ক্লাব আলমেরিয়ার ২৫ শতাংশ মালিকানা রয়েছে রোনাল্ডোর হাতেই।
প্রাক-মরসুম প্রস্তুতিতে নেমেছিল আল নাসের। নতুন কোচ আঞ্জে পোস্তেকোগ্লুর অধীনে এটাই ছিল প্রথম ম্যাচ। খেলা শুরুর আগে আলমেরিয়ার সভাপতি মহম্মদ আল খেরেজি একটি বিশেষ জার্সি তুলে দেন রোনাল্ডোর হাতে। ভিভিআইপি গ্যালারিতে বসে গোটা ম্যাচ দেখেন রোনাল্ডো।
এ বছর ফেব্রুয়ারিতে আলমেরিয়ার অংশীদারি কিনেছিলেন রোনাল্ডো। তখন তিনি বলেছিলেন, “মাঠের বাইরেও ফুটবলের প্রতি নিজের অবদান রাখার স্বপ্ন ছিল অনেক দিন ধরেই। স্পেনের ক্লাব হিসাবে আলমেরিয়ার একটা ইতিহাস রয়েছে এবং ভবিষ্যতে উন্নতির জায়গা রয়েছে। আমি চাই সকলের সঙ্গে ধারাবাহিক ভাবে কাজ করে এই ক্লাবকে আরও উন্নত করে তুলতে।” পরে আলমেরিয়ার তরফেও সমাজমাধ্যমে রোনাল্ডোর অংশীদারিত্বের কথা লেখা হয়।
আরও পড়ুন:
আগামী ১৫ অগস্ট রোনাল্ডোকে মাঠে দেখতে পাওয়া যাবে। সে দিন সৌদি প্রো লিগে আল ফতেহর বিরুদ্ধে খেলবে আল নাসের। বিশ্বকাপে শেষ বার দেখা গিয়েছিল রোনাল্ডোকে। স্পেনের কাছে হেরে শেষ হয়ে গিয়েছিল তাদের বিশ্বকাপ অভিযান। রোনাল্ডো জানিয়েছিলেন, এটাই তাঁর শেষ বিশ্বকাপ। তবে পর্তুগালের জার্সিকে বিদায় জানানো নিয়ে এখনও মুখ খোলেননি তিনি।