Advertisement
E-Paper

১০ গোলের ম্যাচে ৮ নজির, ফ্রান্স-ইংল্যান্ড তৃতীয় স্থানের ম্যাচ নতুন ইতিহাস তৈরি করল বিশ্বকাপে

ফ্রান্স-ইংল্যান্ড তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচে মোট আটটি নজির তৈরি হল। বিশ্বকাপের তিনটি রেকর্ডের পাশাপাশি দু’দলের চার ফুটবলার পাঁচটি ব্যক্তিগত নজির গড়েছেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ জুলাই ২০২৬ ১২:৫৯
Picture of Football

ফ্রান্স-ইংল্যান্ড ম্যাচ শেষে দু’দলের ফুটবলারদের সৌজন্য বিনিময়। ছবি: রয়টার্স।

বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ণায়ক ফ্রান্স-ইংল্যান্ড ম্যাচে ১০ গোল হয়েছে। ইংল্যান্ড ৬-৪ ব্যবধানে জিতে ব্রোঞ্জ পদক পেয়েছে। এ বারের বিশ্বকাপে আর কোনও ম্যাচে এতগুলি গোল হয়নি। শুধু তাই নয়, ৬৪ বছর পর বিশ্বকাপের ম্যাচে দু’দলই অন্তত ৪টি করে গোল করল। তা ছাড়া, বিশ্বকাপের ইতিহাসে তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচে কখনও ১০টি গোল হয়নি। আরও বেশ কিছু নজির তৈরি হয়েছে এই ম্যাচে।

১) ১৯৬২ সালের বিশ্বকাপে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন এবং কলম্বিয়া ম্যাচ শেষ হয়েছিল ৪-৪ গোলে। তার ৬৪ বছর পর শনিবার আবার বিশ্বকাপের কোনও ম্যাচে দু’দলই অন্তত ৪টি করে গোল করল।

২) বিশ্বকাপের তৃতীয় স্থানের লড়াইয়ে এই প্রথম ১০টি গোল হল। এর আগে ১৯৫৮ সালের বিশ্বকাপের ব্রোঞ্জ পদকের ম্যাচে পশ্চিম জার্মানিকে ৬-৩ ব্যবধানে হারিয়েছিল ফ্রান্স। ৯ গোলের সেই রেকর্ড ভেঙে গেল ফ্রান্স-ইংল্যান্ড ম্যাচে।

৩) বিশ্বকাপে গত ৪৪ বছরে আর কোনও ম্যাচে এতগুলি গোল হয়নি। ১৯৮২ সালের বিশ্বকাপে হাঙ্গেরি ১০-১ ব্যবধানে হারিয়েছিল এল সালভাদরকে। তার পর এই প্রথম কোনও ম্যাচে ১০টি গোল হল।

৪) ইংল্যান্ডের বিরুদ্ধে ২টি গোল করেছেন কিলিয়ান এমবাপে। সব মিলিয়ে বিশ্বকাপে তাঁর ২২টি গোল হয়ে গেল। গড়লেন নতুন বিশ্বরেকর্ড। টপকে গেলেন লিয়োনেল মেসির ২১টি গোলের নজির।

৫) এ বারের বিশ্বকাপে মোট ১০টি গোল করলেন এমবাপে। সোনার বুট জেতার দৌড়ে এগিয়ে গেলেন। মেসি এখনও পর্যন্ত আটটি গোল করেছেন।

৬) এ বারের বিশ্বকাপে ফ্রান্সের মাইকেল ওলিসে ৭টি গোলে অবদান রাখলেন। বিশ্বকাপের গত ছয় দশকে আর কোনও ফুটবলার সতীর্থদের দিয়ে এত গোল করাতে পারেননি। ১৯৭০ সালের বিশ্বকাপে পেলে ৬টি গোল করিয়েছিলেন সতীর্থদের দিয়ে।

৭) গ্যারি লিনেকারের রেকর্ড ভেঙে দিলেন জুড বেলিংহ্যাম। এ বারের বিশ্বকাপে ইংল্যান্ডের মিডফিল্ডার ৭টি গোল করলেন। একটি বিশ্বকাপে এটাই ইংল্যান্ডের কোনও ফুটবলারের সবচেয়ে বেশি গোল করার নজির। ১৯৮৬ সালের বিশ্বকাপে ৬টি গোল করেছিলেন লিনেকার।

৮) ইংল্যান্ডের চতুর্থ ফুটবলার হিসাবে বিশ্বকাপে হ্যাটট্রিক করলেন। বুকায়ো সাকা। এর আগে ২০১৮ সালে হ্যারি কেন, ১৯৮৬ সালে লিনেকার এবং ১৯৬৬ সালে জিওফ হার্স্ট হ্যাটট্রিক করেছিলেন।

সংক্ষেপে
  • ১৬ বছর পর আবার বিশ্বকাপ জিতল স্পেন। রবিবার নিউ জার্সিতে শুরু থেকে শেষ পর্যন্ত দাপটের সঙ্গে খেলে আর্জেন্টিনাকে হারিয়েছে তারা।
  • বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়েছে স্পেন। প্রতিযোগিতা শেষে চার পুরস্কার গেল কাদের ঝুলিতে?
  • লিয়োনেল মেসি থাকার পরেও শেষরক্ষা হল না আর্জেন্টিনার। স্পেনের কাছে বিশ্বকাপ ফাইনালে হারতে হল। মেসিদের হারের পাঁচ কারণ কী কী?
Records france England Kylian Mbappe Jude Bellingham

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy