Advertisement
E-Paper

চলতি মরসুমে প্রথম হার বার্সার! চ্যাম্পিয়ন্স লিগে ইয়ামালদের হারাল গত দু’বারের চ্যাম্পিয়ন পিএসজি

চলতি মরসুমে এর আগে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১১ ম্যাচ জিতেছে বার্সা। ফলে প্যারিসের মাঠে আত্মবিশ্বাস নিয়ে নেমেছিল তারা। কিন্তু হেরে মাঠ ছাড়তে হল তাদের।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৬ ১৩:৩৮
football

বার্সাকে হারিয়ে পিএসজি-র ফুটবলারদের উল্লাস। ছবি: রয়টার্স।

চলতি মরসুমে লা লিগায় অপ্রতিরোধ্য দেখাচ্ছে বার্সেলোনাকে। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে হোঁচট খেতে হল তাদের। গত দু’বার চ্যাম্পিয়ন্স লিগজয়ী প্যারিস সঁ জরমঁ হারাল লামিন ইয়ামালদের। অন্য দিকে ভিয়ারিয়ালের বিরুদ্ধে পিছিয়ে থেকেও জিতল লিভারপুল। ফিল ফডেনের হ্যাটট্রিকে সহজে জিতেছে ম্যাঞ্চেস্টার সিটি।

চলতি মরসুমে এর আগে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১১ ম্যাচ জিতেছে বার্সা। ফলে প্যারিসের মাঠে আত্মবিশ্বাস নিয়ে নেমেছিল তারা। কিন্তু ঘরের মাঠে আক্রমণাত্মক পিএসজি তাদের চাপে ফেলে দেয়। কাভারাৎস্কেলিয়ার শট পোস্টে লাগে। ফেরান টরেসের শট বাঁচান বার্সার গোলরক্ষক। অবশেষে ৩৮ মিনিটের মাথায় এগিয়ে যায় পিএসজি। গোল করেন ডেজ়িরে ডুয়ে।

বিরতির ঠিক পরেই আশরফ হাকিমির শট ভাল বাঁচান বার্সার গোলরক্ষক জোয়ান গার্সিয়া। তার পরেই খেলার গতির বিপরীতে সমতা ফেরান জ়াভি এসপার্ট। ৫৫ মিনিটে গোল করেন তিনি।

ম্যাচ জিতলেও খারাপ খবর পিএসজি সমর্থকদের জন্য। অল্প সময়ের ব্যবধানে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় কাভারাৎস্কেলিয়া ও মারকুইনোসকে। তাতে অবশ্য তাদের আক্রমণ থামেনি। ৭২ মিনিটের মাথায় আবার পিএসজি-কে এগিয়ে দেন লুকাস হের্নান্দেজ়। ৭৯ মিনিটে সমতা ফেরান ইয়ামাল।

দু’বার সমতা ফেরালেও গোটা ম্যাচে পিএসজি-কে তাড়া করে গিয়েছে বার্সা। কোনও সময়েই এগিয়ে থাকতে পারেনি তারা। ৮১ মিনিটে ভিটিনহা ও ৮৬ মিনিয়ে ফাবিয়ান রুইজ় গোল করেন। সেখান থেকে আর ফিরতে পারেনি বার্সা। ২-৪ হেরে মাঠ ছাড়তে হয় তাদের।

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে তিন ম্যাচ খেলে তিনটিই জিতেছে পিএসজি। ৯ পয়েন্ট নিয়ে সকলের শীর্ষে তারা। তিন ম্যাচে দুই জয় ও এক হারের ফলে ৬ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রয়েছে বার্সা।

পিছিয়ে থেকেও জয় লিভারপুলের

প্রথমার্ধে ০-২ গোলে পিছিয়ে থাকার পরেও দুরন্ত প্রত্যাবর্তন করল লিভারপুল। শেষ পর্যন্ত ভিয়ারিয়ালকে ৪-৩ গোলে হারাল তারা। ইংল্যান্ডের ক্লাবের হয়ে জোড়া গোল করেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। একটি করে গোল রোনাল্ড আরাউহো ও ফ্লোরিয়ান উইর্ৎজ়ের। এই জয়ের ফলে তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইংল্যান্ডের ক্লাব।

ম্যাঞ্চেস্টার সিটির সহজ জয়

এইকে এথেন্সকে ৫-১ গোলে হারিয়েছে সিটি। হ্যাটট্রিক করেছেন ফডেন। একটি করে গোল এলিয়ট অ্যান্ডারসন ও রায়ান শেরকির। এই জয়ের ফলে তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে বার্সার ঠিক পরেই ষষ্ঠ স্থানে রয়েছে সিটি।

PSG FC Barcelona Manchester City Liverpool

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy