ডিফেন্ডারদের জালে আটকে পড়লেন লিয়োনেল মেসি। সেই জাল ছিঁড়ে বেরাতে পারলেন না তিনি। ফলে পারলেন না গোল করতে। মেসি আটকে যেতেই আটকে গেল ইন্টার মায়ামি। পিছিয়ে পড়েও কোনও রকমে ড্র করল তারা। এই ড্রয়ের ফলে নিজেদের কাজ নিজেরাই কঠিন করল মায়ামি।
সিনসিনাটির বিরদ্ধে ২-২ ড্র করেছে মায়ামি। চারটি গোলই এসেছে দ্বিতীয়ার্ধে। ৬১ মিনিটের মাথায় গোল করে মায়ামিকে এগিয়ে দেন লুই সুয়ারেস। তার পর ৮০ মিনিটে কেনজ়ি ডেম ও ৮৬ মিনিটে স্যামুয়েল গিডি গোল করে সিনসিনাটিকে এগিয়ে দেয়। দেখে মনে হচ্ছিল মায়ামিকে আরও একটি ম্যাচ হারতে হবে। কিন্তু ৯০ মিনিটের মাথায় গোল করে সমতা ফেরান রিকেলমে ফিলিপি। শেষ পর্যন্ত ২-২ ড্র হয় খেলা।
অপর ম্যাচে নিউ ইয়র্ক রেড বুলসকে ৩-২ গোলে হারায় নিউ ইংল্যান্ড রেভোলিউশন। তার ফরে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে নিউ ইংল্যান্ড। তাদের পয়েন্ট ৩২ ম্যাচে ৫৮। তৃতীয় স্থানে থাকা মায়ামির পয়েন্ট ৩২ ম্যাচে ৫৬। শীর্ষে নাশভিল। ৩২ ম্যাচে তাদের পয়েন্ট ৭১।
আরও পড়ুন:
ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে শেষ করায় সাপোর্টার্স শিল্ড জিতেছে নাশভিল। প্রথম বার এই ট্রফি জিতেছে তারা। এর পর ইস্টার্ন ও ওয়েস্টার্ন কনফারেন্সের শীর্ষে থাকা সাতটি করে মোট ১৪টি দল নক আউটে যাবে। তার মধ্যে দুই কনফারেন্সে শীর্ষে থাকা দু’টি করে চারটি দল সরাসরি যোগ্যতা অর্জন করবে। বাকি দলগুলিকে ওয়াইল্ড কার্ড রাউন্ড খেলতে হবে।
তবে এখনও মায়ামির সুযোগ নিজেদের হাতেই রয়েছে। পরের ম্যাচে নিউ ইংল্যান্ডের মুখোমুখি হবে তারা। সেই ম্যাচ জিতলেই দ্বিতীয় স্থানে উঠবেন মেসিরা। চলতি লিগে ২৫ গোল করে সর্বাধিক গোলদাতার লড়াইয়ে শীর্ষে রয়েছেন মেসি। আরও এক বার তাঁর হাত ধরেই স্বপ্নপূরণের চেষ্টায় আমেরিকার ক্লাব।