কলকাতায় ভারতের বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচে খেলতে পারেননি। অস্ট্রেলিয়ায় চোট পাওয়ায় বার্সেলোনায় ফিরে গিয়েছিলেন। ক্লাবের হয়েও কয়েকটি ম্যাচে খেলতে পারেননি। সেই রাফিনহাকে নিয়ে হঠাৎই বার্সেলোনা এবং ব্রাজ়িলের মধ্যে ঠান্ডা যুদ্ধ তৈরি হল। জাপান এবং সিঙ্গাপুরের বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচের দলে রাফিনহা থাকায় সমস্যা তৈরি হয়েছে।
চোট সারিয়ে ফেরার রাফিনহাকে আর আগের ফর্মে দেখা যাচ্ছে না। গোলের সামনে তাঁর সেই তীক্ষ্ণতা উধাও। প্যারিস স জরমঁ এবং রিয়াল মাদ্রিদের কাছে হারে সেটা বোঝাও গিয়েছে। বার্সেলোনার কোচ হ্যান্সি ফ্লিক ভেবেছিলেন, আসন্ন দুই ম্যাচের জন্য বিশ্রাম দেওয়া হবে রাফিনহাকে। তা না করে দলে রাখায় বিস্মিত তিনি। এই দু’টি ম্যাচ খেলার জন্য ২২ হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে হবে ব্রাজ়িলীয় ফুটবলারকে। তবে ম্যাচ দু’টি ফিফা উইন্ডোর মধ্যে হওয়ায় ফুটবলার ছাড়তে বাধ্য বার্সেলোনা।
আলাভেস ম্যাচের আগে বার্সা কোচ হ্যান্সি ফ্লিক বলেছেন, “এটা নিয়ে আমি ডেকোর (স্পোর্টিং ডিরেক্টর) সঙ্গে কথা বলেছি। রাফিনহা গুরুত্বপূর্ণ ফুটবলার। আগের বার বিরতির পর ও চোট পেয়েছিল। ভাল ফিটনেস ছিল না। তবে দিনের শেষে এটা নিয়ে আমাদের কিছুই করার নেই।”
আরও পড়ুন:
রাফিনহা এ বছর বার্সেলোনার অধিনায়ক হয়েছেন। ফ্লিকের অতি আগ্রাসী ছকের গুরুত্বপূর্ণ সদস্য তিনি। কিন্তু ফর্মে না থাকায় চাপ বাড়ছে বাকিদের উপরে। ফ্লিক বলেছেন, “ও আমাদের অধিনায়ক। কিন্তু একজন ব্রাজ়িলীয়ও। জাতীয় দল ওকে ডাকতেই পারে। ওকে যেতেই হবে। বিশ্বকাপের পর থেকে ব্রাজ়িলের দল নতুন পর্বের মধ্যে দিয়ে যাচ্ছে। আমার মনে হয় প্রত্যেকেই খেলতে চাইবে এবং দলের হয়ে নিজের অবদান রাখতে চাইবে।”