গোল করেই চলেছেন লেমিন ইয়ামাল। জিতে চলেছে স্পেনও। মঙ্গলবার রাতে নেশন্স লিগে টানা দ্বিতীয় ম্যাচ জিতল তারা। প্রথম ম্যাচে ইংল্যান্ডকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দিল তারা। অন্য দিকে, চেকিয়াকে হারিয়েছে ইংল্যান্ড।
বিশ্বকাপ জেতার পর প্রথম বার দেশের মাটিতে খেলতে নেমেছিল স্পেন। সেভিয়ার মাঠে সেই ক্লাবের প্রাক্তন ফুটবলার তথা ২০১০-এর বিশ্বকাপজয়ী জেসুস নাভাস ট্রফি তুলে দেন রদ্রির হাতে। ইয়ামাল বলেন, “এখানে ট্রফি আনতে পেরে আমরা উত্তেজিত। ম্যাচ জেতার পর আরও ভাল লাগছে।”
গোলের জন্য স্পেনকে বেশি ক্ষণ অপেক্ষা করতে হয়নি। ৭৫ সেকেন্ডেই দেশকে এগিয়ে দেন ইয়ামাল। ২৮ মিনিটে সমতা ফেরান ক্রোয়েশিয়ার দিয়োন বেজো। তিন মিনিট পরে ইয়ামালের ক্রসে মাথা ছুঁইয়ে স্পেনকে এগিয়ে দেন মার্ক পুবিল। ৬৩ মিনিটে দ্বিতীয় গোল করেন ইয়ামাল। স্পেনের শেষ গোল নিকো উইলিয়ামসের।
আরও পড়ুন:
স্পেনের কোচ লুই দে লা ফুয়েন্তে বলেন, “লেমিন উন্নতি করছে এবং দেখিয়ে দিচ্ছে ও কী ধরনের ফুটবলার। ওর ফুটবলের জাদু আমরা সকলেই দেখতে পেলাম। ও যে ভাবে খেলছে এবং দলকে সাহায্য করছে তার স্বীকৃতি ভবিষ্যতে আরও বেশি করে পাবে।”
প্রাগে ইংল্যান্ড খেলতে নেমেছিল চেকিয়ার বিরুদ্ধে। দ্বিতীয়ার্ধে অ্যান্টন গর্ডন এবং হ্যারি কেন গোল করেন। যদিও চেকিয়া অনেকটা সময় খেলেছে ১০ জনে। ২৩ মিনিটে এলিয়ট অ্যান্ডারসনকে ফাউল করে লাল কার্ড দেখেন পাভেল সুলচ।