বুধবার সকালে এশিয়ান গেমসে পর পর দু’টি সোনা জিতল ভারত। প্রথমে মহিলাদের দল কমপাউন্ড বিভাগে সোনা জেতে। এর পর মিক্সড দলও সোনা জিতেছে। পাশাপাশি দুই অলিম্পিক্সের টিকিটও আদায় করে নিয়েছে। গত বারও এই দুই দল সোনা জিতেছিল।
মিক্সড বিভাগে সোনা জেতেন ভারতের চিকিতা তানিপার্থি এবং সাহিল যাদব। ইস্পাতকঠিন মানসিকতা দেখিয়ে ফাইনালে ১৫৮-১৫৭ পয়েন্টে হারান কোরিয়ার জুটি জুংইয়ুন পার্ক এবং চোই ইউন গিউকে। সেমিফাইনালে তাঁরা ১৫৬-১৫৫ পয়েন্টে হারিয়েছিলেন তাইল্যান্ডকে।
তার আগেই মহিলাদের দল ফাইনালে হারান চিনকে। ভারতের জ্যোতি সুরেখা ভেন্নাম, চিকিতা এবং প্রীতিকা প্রদীপ চিনের জুটি উনিয়ের, ইউ ওয়াং এবং ফাংগিয়াং ওয়েইকে ২৩৮-২৩৪ পয়েন্টে হারিয়েছেন। জ্যোতি গত বারও সোনা জিতেছিলেন।
ম্যাচের পর প্রীতিকা বলেন, “আমরা একে অপরের পাশে ছিলাম। বার বার বলেছি, নিজেদের সেরাটা দিতেই হবে। যদি খারাপ শটে ৯ স্কোর হয় তা হলেও অপরের পাশে দাঁড়িয়ে চিৎকার করতে হবে। মনোযোগ থাকবে খেলাতেই। আমরা জানতাম এটা বড় প্রতিযোগিতা। কিন্তু দিনের শেষে আমাদের পাশে সেই একই মানুষ, হাতে সেই একই তির-ধনুক থাকে। তাই সে দিকেই নজর রাখার চেষ্টা করেছিলাম।”
ভারতীয় জুটি স্পর্শ করেছে দক্ষিণ কোরিয়ার বিশ্বরেকর্ড। ২০১৪-য় বিশ্বরেকর্ড গড়েছিল দক্ষিণ কোরিয়া।
আরও পড়ুন:
জ্যোতির কাছে এই সোনা আরও গুরুত্বপূর্ণ। গত বার ব্যক্তিগত বিভাগে সোনা জিতলেও এ বার প্রি-কোয়ার্টার ফাইনালে ১৪ বছরের কাং ইয়ন সিয়োর কাছে হরে গিয়েছিলেন।
মিক্সড দলে, চিকিতা এবং সাহিল শুরু করেছিলেন ভালই। প্রথম রাউন্ডেই ৪০-৩৯-এ এগিয়ে ছিলেন। পরে চিকিতার একটি ৯ শটে, ভারতের লিড কমে। তৃতীয় রাউন্ডের পর ভারত এগিয়েছিল ১১৮-১১৭ পয়েন্টে। এর পর কোরিয়া দুর্দান্ত শট করে লড়াইয়ে ফিরে আসে। শুট-অফে চিকিতা এবং সাহিন দু’জনের ১০ সকোর করেন। কিন্তু কোরিয়ার চোই ৯ শট করেন। তাতেই ভারতের সোনা নিশ্চিত হয়ে যায়।