Advertisement
E-Paper

ডেভিস কাপে হতাশ করলেন নাগাল-সুরেশ, প্রথম দিনই দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ০-২ ব্যবধানে পিছিয়ে পড়ল ভারত

ডেভিস কাপ ওয়ার্ল্ড গ্রুপ কোয়ালিফায়ার টাইয়ের প্রথম দিন হতাশ করলেন ভারতের টেনিস খেলোয়াড়েরা। দু’টি সিঙ্গলসেই হেরে পরের রাউন্ডে যাওয়ার পথ কঠিন করে ফেললেন সুমিত নাগাল এবং দক্ষিণেশ্বর সুরেশ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬ ১৮:১৩
Picture of Tennis

সুমিত নাগাল। ছবি: রয়টার্স।

দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ডেভিস কাপ টাইয়ের প্রথম দিন প্রত্যাশা মতো পারফরম্যান্স করতে পারল না ভারত। বলা যায় হতাশই করলেন সুমিত নাগালেরা। প্রথম দিনেই ০-২ ব্যবধানে পিছিয়ে পড়ে পরের রাউন্ডে যাওয়ার পথ কঠিন করে ফেলল ভারত। দু’টি সিঙ্গলসে হেরে গেলেন দক্ষিণেশ্বর সুরেশ এবং নাগাল।

প্রথম সিঙ্গলসে দক্ষিণ কোরিয়ার সুনউ কেওনের কাছে হেরে গিয়েছেন সুরেশ। ভাল শুরু করেও দলকে এগিয়ে দিতে পারেননি। ২ ঘণ্টা ৫ মিনিটের লড়াইয়ে বিশ্বের ১৫৭ নম্বর কেওনের কাছে ৩৬৭ নম্বর সুরেশ হেরে গিয়েছেন ৬-৩, ৩-৬, ৪-৬ গেমে। ক্রমতালিকার নিরিখে সুরেশকে নিয়ে খুব বেশি প্রত্যাশা ছিল না। যদিও পেশাদার টেনিসে সুরেশ বেশ কয়েক বার ক্রমতালিকাকে ভুল প্রমাণ করে এগিয়ে থাকা প্রতিপক্ষদের হারিয়েছেন।

সিঙ্গলসে ভারতের মূল ভরসা ছিলেন নাগাল। দেশের এক নম্বর টেনিস খেলোয়াড় সহজ ড্র পেয়েও ব্যর্থ হলেন। প্রথম সেট ৬-২ গেমে জেতার পরও ম্যাচ বের করতে পারলেন না। বিশ্বের ৫৪৯ নম্বর খেলোয়াড় দক্ষিণ কোরিয়ার হাইয়ন চুং জিতলেন ২-৬, ৬-৪, ৭-৫ গেমে। ৩ ঘণ্টা ৬ মিনিটের লড়াইয়ে হেরে গেলেন বিশ্বের ২৪৭ নম্বর নাগাল।

ডেভিস কাপের পরবর্তী পর্যায়ে যেতে হলে শনিবার তিনটি ম্যাচই জিততে হবে ভারতকে। দু’টি সিঙ্গলস এবং একটি ডাবলস হবে শেষ দিন। ডাবলসে ভারতের বাজি এন শ্রীরাম বালাজি-নিকি কালিয়ান্দা পুনাচা জুটি। ক্রমতালিকায় দক্ষিণ কোরিয়ার জিসং নাম-উইসাং পার্ক জুটির তুলনায় অনেকটাই এগিয়ে রয়েছেন ভারতীয়েরা। এটিপি ডাবলস ক্রমতালিকায় বালাজি ৪৯ নম্বরে এবং পুনাচা ৮৮ নম্বরে রয়েছেন। অন্য দিকে নাম ১১২ এবং পার্ক ২৪১ নম্বরে। দু’টি ফিরতি সিঙ্গলসেও খেলার কথা সুরেশ এবং নাগালের। সুরেশ খেলবেন চুংয়ের সঙ্গে। নাগালের প্রতিপক্ষ কেওন।

Sumit Nagal Dhakshineswar Suresh

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy