ভারতীয় রোয়িং শিবিরে অশান্তি। কর্তাদের খামখেয়ালির প্রতিবাদে অনুশীলন বয়কট করলেন খেলোয়াড়েরা। অভিযোগ, প্রতিযোগিতার আগে সব দলে ব্যাপক রদবদল করা হয়েছে। প্রয়োজনে এশিয়ান গেমসে না নামার হুঁশিয়ারি দেন ক্ষুব্ধ খেলোয়াড়েরা। এই ঘটনায় তৈরি হয় বিতর্ক। যদিও পরে আলোচনার মাধ্যমে সমস্যা মিটেছে।
কর্তাদের খামখেয়ালির প্রতিবাদে মঙ্গলবার অনুশীলন বন্ধ করে দেন ভারতীয় রোয়ারেরা।কর্তারা শেষ মুহূর্তে সব ইভেন্টের দল পরিবর্তন করায় বিরক্ত রোয়ারেরা। অভিযোগ, সোমবার অনুশীলনের পর এক দফা দল পরিবর্তন করেন কর্তারা। মঙ্গলবার সকালে আবার বদল করা হয়। এতে বোঝাপড়া নিয়ে সমস্যায় পড়েছেন রোয়ারেরা। সব মিলিয়ে রোয়ারদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ছেলেদের ডাবল স্কালসে নামার কথা ছিল নবদীপ সিংহ এবং কুলবিন্দর সিংহের। তাঁদের ইভেন্ট বদলে কোয়াড্রপল স্কালস করে দেওয়া হয়েছে। আবার কোয়াড্রপল স্কালস দলে থাকা সলমন এবং সৎনামকে ডাবল স্কালসে নিয়ে আসা হয়েছে। কোয়াড্রপল স্কালস থেকে বলরাজ পানওয়ারকে সরিয়ে সিঙ্গলস স্কালসে নামাতে চাইছেন কর্তারা। অরবিন্দ সিংহকে সিঙ্গলস স্কালস থেকে সরিয়ে কোয়াড্রপল স্কালসের দলে ঢুকিয়ে দেওয়া হয়েছে।
শুধু এটুকুই নয়। প্রতিযোগিতার আগে আরও রদবদল করেছেন রোয়িং কর্তারা। বিপুল ঘুরদেকে ছেলেদের পেয়ার ইভেন্ট থেকে সরিয়ে কক্সলেস ফোরে দেওয়া হয়েছে। রিজার্ভ হিসাবে দলের সঙ্গে যাওয়া জসমিল সিংহকে ঢুকিয়ে দেওয়া হয়েছে কক্সলেস ফোরের দলে। সৌরভ কুমারকে দল থেকেই ছেঁটে ফেলা হয়েছে। তাঁকে করে দেওয়া হয়েছে রিজার্ভ। নীতীন কুমার এবং জসবিন্দর সিংহকে কক্সলেস ফোর থেকে সরিয়ে আনা হয়েছে ছেলেদের পেয়ার ইভেন্টে।
বিশ্ব চ্যাম্পিয়নশিপের পারফরম্যান্স বিচার করে এশিয়ান গেমসের রোয়িং শুরু আগে শেষ মুহূর্তে সব দলই বদলে দিয়েছেন কর্তারা। অথচ নিয়ম অনুযায়ী, অসুস্থতার কারণে সর্বোচ্চ দলের ৫০ শতাংশ সদস্যকে পরিবর্তন করা যায়। দলের কেউ অসুস্থ নন। তা হলে প্রতিযোগিতার আগে কেন এ ভাবে সব দল বদলে দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন রোয়ারেরা। তাঁদের বক্তব্য, এত দিন একরকম ভাবে অনুশীলন করেছেন। শেষ মুহূর্তে সব বদলে দিলে প্রত্যাশিত পারফরম্যান্স সম্ভব নয়। পরে আলোচনায় সমস্যা মিটেছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন:
উল্লেখ্য, গত এশিয়ান গেমসে ভারতীয় রোয়ারেরা দু’টি রুপো এবং তিনটি ব্রোঞ্জ জিতেছিলেন। ২০ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল এশিয়ান গেমসের রোয়িং। খারাপ আবহাওয়ার জন্য তা তিন দিন পিছিয়ে দেওয়া হয়েছে। বুধবার থেকে শুরু হবে প্রতিযোগিতা।