Advertisement
E-Paper

পুরুষ হয়ে মহিলাদের খেলায়! নিষিদ্ধ বাংলাদেশের দুই অ্যাথলিট, কেড়ে নেওয়া হল সব পদক, রেকর্ড

জান্নাত বগম এবং কবিতা রায়কে সারা জীবনের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন। চিকিৎসা বিজ্ঞান এবং অ্যাথলেটিক্সের বিশ্ব নিয়ামক সংস্থার নিয়ম অনুযায়ী, দু’জনেই পুরুষ হিসাবে চিহ্নিত হয়েছেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২৬ ১৩:৩০
Picture of Sports

— প্রতীকী চিত্র।

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের আগের দিনেই নিষিদ্ধ হলেন সে দেশের দুই মহিলা অ্যাথলিট। বাংলাদেশের সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জান্নাত বেগম এবং কবিতা রায়— দু’জনেই নিজের মহিলা হিসাবে প্রমাণ করতে ব্যর্থ। এখনও পর্যন্ত তাঁদের জেতা সব পদক কেড়ে নেওয়া হয়েছে। বাতিল করা হয়েছে দু’জনের সব রেকর্ডও।

জান্নাত এবং কবিতাকে সারা জীবনের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন (বিএএফ)। চিকিৎসা বিজ্ঞান এবং অ্যাথলেটিক্সের বিশ্ব নিয়ামক সংস্থার নিয়ম অনুযায়ী, দু’জনেই পুরুষ হিসাবে চিহ্নিত হয়েছেন। শনিবার বিএএফের কার্যনির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিএএফের সাধারণ সচিব আলি ইমাম তপন।

বিবৃতি দিয়ে বিএএফ জানিয়েছে, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে হরমোন ও নানা শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর মেডিক্যাল বোর্ডের প্রতিবেদনে ২৮ বছরের জান্নাত এবং ১৯ বছরের কবিতার এক্সওয়াই ডিএসডি (ডিফারেন্সেস অব সেক্স ডেভেলপমেন্ট) বা যৌন বিকাশের পার্থক্য ধরা পড়েছে। চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী যা দু’জনকে পুরুষ হিসাবে চিহ্নিত করে। এ ছাড়াও দুই অ্যাথলিটের পেনোস্ক্রোটাল হাইপোস্পেডিয়াস রয়েছে এবং তাদের গোনাড (জননগ্রন্থি) ইনগুইনাল ক্যানেলে অবস্থিত।

জান্নাত বাংলাদেশের সেনাবাহিনী এবং কবিতা বাংলাদেশের নৌবাহিনীতে কর্মরত। দুই বাহিনীর অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে তাঁদের লিঙ্গ নির্ধারণের জন্য শারীরিক পরীক্ষা-নিরীক্ষা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত সেপ্টেম্বরে পাঁচ সদস্য বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড গঠন করে। গত ১১ মে দু’জনের সব পরীক্ষা শেষ হওয়ার পর ১৬ মে ফেডারেশনকে চূড়ান্ত রিপোর্ট দেওয়া হয়।

অ্যাথলেটিক্সের বিশ্ব নিয়ামক সংস্থার নিয়ম অনুযায়ী, মহিলাদের বিভাগে অংশগ্রহণের জন্য অ্যাথলিটদের রক্তে টেস্টোস্টেরনের মাত্রা টানা ২৪ মাস ২.৫ ন্যানো মোল প্রতি লিটারের নিচে থাকা বাধ্যতামূলক। জান্নাত এবং কবিতা এই শর্ত পূরণে ব্যর্থ হয়েছেন। জান্নাতের টেস্টোস্টেরনের মাত্রা ১৯.৬৬ ন্যানো মোল প্রতি লিটার, যা নির্ধারিত সর্বোচ্চ সীমার প্রায় আট গুণ বেশি। কবিতার টেস্টোস্টেরনের মাত্রা ১৬.৫০ ন্যানো মোল প্রতি লিটার, যা নির্ধারিত সর্বোচ্চ সীমার প্রায় সাড়ে ছ’গুণ বেশি। ভবিষ্যতে কখনও তাঁদের মহিলাদের ইভেন্টের জন্য বিবেচনা করা হবে না।

জান্নাতের জ্যাভলিন থ্রো এবং ডিসকাস থ্রোর জাতীয় রেকর্ড-সহ ১৮টি সোনা, একটি রুপো এবং দু’টি ব্রোঞ্জ পদক বাতিল করা হয়েছে। কবিতার ১০০ মিটার, ২০০ মিটার এবং ৪×১০০ মিটার রিলে দৌড়ে জেতা একটি সোনা, একটি রুপো এবং দু’টি ব্রোঞ্জ পদক বাতিল করা হয়েছে।

Women Banned

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy