আর কয়েক দিন বাদেই জাপানের নাগোয়া শহরে শুরু হবে এশিয়ান গেমস। তার আগে বিপদে পড়ল সেই শহর। মঙ্গলবার প্রবল বৃষ্টিপাতের কারণে সেই শহর বানভাসি। প্রচুর রাস্তা এবং বাড়ি চলে গিয়েছে জলের তলায়। অসুবিধায় পড়েছেন অংশগ্রহণকারী ক্রীড়াবিদ থেকে সে দেশের সাধারণ মানুষ।
জানা গিয়েছে, ইতিমধ্যেই নাগোয়ায় পৌঁছে গিয়েছেন বিভিন্ন দেশের প্রায় ৪০০ ক্রীড়াবিদ। তাঁরা শিপিং কন্টেনারের মধ্যে তৈরি করা অস্থায়ী ঘরে থাকা শুরু করেছিলেন। তবে বৃষ্টির কারণে তাঁদের উঁচু এলাকায় নিয়ে যাওয়া হয়েছে। কিছু ক্রীড়াবিদের ঘরের ছাদ ফুটো হয়ে জল পড়ছে বলে জানা গিয়েছে।
তবে নাগোয়ার মেয়র ইচিরো হিরোসাওয়া আশাবাদী। তাঁর দাবি, বেশির ভাগ ক্রীড়াবিদই নিরাপদে রয়েছেন। তিনি বলেছেন, “মাঠের পরিস্থিতি নিয়ে আমরা বিন্দুমাত্র ভাবিত নই। পরিকল্পনামাফিক এশিয়ান গেমস শুরু করতে কোনও সমস্যা হবে না।”
মঙ্গলবার ভারতীয় অলিম্পিক্স সংস্থার (আইওএ) তরফে এশিয়ান গেমসগামী ভারতীয় ক্রীড়াবিদদের আনুষ্ঠানিক বিদায় জানানো হয়। বিভিন্ন ক্রীড়াবিদ এবং জাতীয় দল হাজির ছিল। তবে হকি দল এবং শীর্ষস্থানীয় ক্রীড়াবিদেরা হাজির ছিলেন না। তাঁরা হয় ইতিমধ্যেই জাপানে পৌঁছে গিয়েছেন, অথবা নিজেদের পছন্দের স্থানে প্রস্তুতিতে ব্যস্ত।
আরও পড়ুন:
উল্লেখ্য, অলিম্পিক্সের থেকেও বেশি ক্রীড়াবিদ অংশ নেন এশিয়ান গেমসে। এ বার ৪৫টি দেশের ১১ হাজারের বেশি ক্রীড়াবিদ এশিয়ান গেমসে খেলবেন। ২০২৪-এর প্যারিস অলিম্পিক্সে অংশ নিয়েছিলেন ১০,৭০০ ক্রীড়াবিদ। এশিয়ান গেমস ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৪ অক্টোবর পর্যন্ত চলবে।