আকাশে উড়বে গাড়ি! কল্পনার সেই উড়ন্ত গাড়ির বাস্তবে দেখা মেলার আর বেশি দিন দেরি নেই। বৈদ্যুতিক গাড়ি নির্মাতা সংস্থা টেসলা তাদের প্রথম বৈদ্যুতিক স্পোর্টস কার রোডস্টার বাজারে এনেছিল ন’বছর আগে। তার প্রায় এক দশক পর গত ১৫ অক্টোবর টেক্সাসের ম্যাকগ্রেগরে স্পেসএক্সের একটি কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে গাড়িটির নতুন নকশা প্রদর্শন করে সংস্থাটি। প্রদর্শনীতে গাড়িটিকে বিশেষ ভাবে তৈরি একটি র্যাম্পে উল্টো করে চালানো হয়। তার পরই ঘটে অত্যাশ্চর্য দৃশ্য। সেই ঘটনারই একটি ভিডিয়ো এক্স হ্যান্ডলে শেয়ার করেছেন স্বয়ং টেসলা কর্তা ইলন মাস্ক। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বহু প্রতীক্ষিত এই বৈদ্যুতিক সুপারকারটির প্রদর্শনীটিতে একটি বিশাল বাঁকানো র্যাম্প বেয়ে উপরে ওঠে। এর পর সেটি উল্টো ভাবে থাকা বাঁকানো র্যাম্পের উপর দিয়ে চালানো হয়। র্যাম্প শেষ হতেই ঘটল চমক। গাড়িটি উল্টো অবস্থাতেই শূন্যে উড়ে পাল্টি খেয়ে নিরাপদে অবতরণ করে। এই বিশেষ কৌশলের মাধ্যমে রকেট নির্মাতা সংস্থা স্পেসএক্সের সহায়তায় তৈরি প্রযুক্তি তুলে ধরা হয়।
মাস্ক এই প্রদর্শনীর একটি ভিডিয়ো শেয়ার করে লিখেছেন, “দেখা যাচ্ছে, ভবিষ্যতে সত্যিই উড়ন্ত গাড়ি থাকবে।” টেসলার অফিশিয়াল অ্যাকাউন্টও প্রদর্শনীটির ফুটেজ শেয়ার করেছে। টেসলা সূত্রে খবর, স্পেসএক্সের তৈরি বিশেষ কোল্ড-গ্যাস থ্রাস্টার রয়েছে নতুন নকশার রোডস্টারটিতে। এই প্রযুক্তিতে চাপযুক্ত গ্যাস ব্যবহার করে ধাক্কা তৈরি করা হয়, যা গাড়ির চলাচল নিয়ন্ত্রণে সাহায্য করে। বিশেষ প্রযুক্তিতে তৈরি গাড়িটি প্রদর্শনীর সময় এমন কিছু অস্বাভাবিক কৌশল দেখিয়েছে, যা সাধারণ গাড়ির পক্ষে করা সম্ভব নয়। পরবর্তী প্রজন্মের গাড়িটির কলাকৌশল সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা নজর কেড়েছে নেটগরিকদের। ভিডিয়োটি এক কোটিরও বেশি বার দেখা হয়েছে। লক্ষ লক্ষ লাইক পড়েছে তাতে। বহু মানুষই মজার মজার প্রতিক্রিয়া জানিয়েছেন।
আরও পড়ুন:
প্রদর্শনীটি নিয়ন্ত্রিত পরিবেশে করা হয়েছিল। রোডস্টারটিকে সাধারণ রাস্তায় আকাশে ওড়ানোর অনুমতি দেওয়া হয়েছে, এমন কোনও তথ্য নেই। এই প্রযুক্তি বাস্তবে ব্যবহার করতে গেলে নিরাপত্তা, কার্যকারিতা এবং সরকারি অনুমোদনের মতো একাধিক বিষয়ের সমাধান প্রয়োজন। তাই সাধারণ রাস্তায় এই ধরনের গাড়ি চালানো কতটা সম্ভব এবং আইনি ভাবে তা অনুমোদিত হবে কি না, সেই বিষয়গুলি এখনও স্পষ্ট নয়।