Advertisement
E-Paper

লাগবে না ক্রেডিট কার্ড, আইফোনেই করা যাবে যাবতীয় লেনদেন! এ বার পুজোয় বাজারে আসছে অ্যাপ্‌ল পে

‘স্পর্শহীন’ ক্রেডিট কার্ডে বদলে যেতে চলেছে আইফোন। এ বার পুজোয় ভারতে অ্যাপ্‌ল পে পরিষেবা চালুর মাধ্যমে বড় চমক দিতে চলেছে সংশ্লিষ্ট মার্কিন টেক জায়ান্ট।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৩২
Representative Picture

—প্রতীকী চিত্র।

আইফোন ব্যবহারকারীদের জন্য সুখবর। উৎসবের মরসুমে ভারতে চালু হচ্ছে অ্যাপ্‌ল পে। যদিও আনুষ্ঠিক ভাবে সংশ্লিষ্ট পরিষেবাটি শুরুর দিনক্ষণ ঘোষণা হয়নি। তাৎপর্যপূর্ণ বিষয় হল, অ্যাপ্‌ল পে-তে মিলবে না ‘ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস’ বা ইউপিআইয়ের সুবিধা। তবে এর মাধ্যমে ক্রেডিট কার্ডের লেনদেন আরও সহজ হতে চলেছে বলে সূত্র মারফত মিলেছে খবর।

টেক বিশেষজ্ঞদের দাবি, ইউপিআইয়ের প্রতিদ্বন্দ্বী হিসাবে ভারতের বাজারে এন্ট্রি নিচ্ছে না অ্যাপ্‌ল পে। বরং আইফোনকেই ‘স্পর্শহীন’ ক্রেডিট কার্ড ওয়ালেট হিসাবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে তাদের। শুধু তা-ই নয়, পরিষেবাটি চালু হলে অ্যাপ্‌ল ঘড়ি দিয়েও লেনদেন করত পারবেন গ্রাহক। কোনও মুঠোবন্দি ডিভাইসের প্রয়োজন হবে না।

অ্যাপ্‌ল পে-র সুবিধা নিতে আইফোনে প্রথমে ডাউনলোড করতে হবে অ্যাপ্‌ল ওয়ালেট। তার পর সেখানে ঢুকে ক্রেডিট কার্ডের তথ্য নথিভুক্ত করবেন ব্যবহারকারী। সংশ্লিষ্ট প্রক্রিয়া শেষ হলে ক্রেডিট কার্ডের যাবতীয় লেনদেন মুঠোবন্দি ডিভাইসের মাধ্যমে করতে পারবেন গ্রাহক। একই প্রক্রিয়ায় অ্যাপ্‌ল ঘড়িতেও এটিকে সম্পৃক্ত করার সুবিধা পাবেন তিনি।

বর্তমানে অ্যাপ্‌ল ওয়ালেটে ভারতীয় ক্রেডিট কার্ড যুক্ত থাকলেও এনএফসি পেমেন্ট করতে পারেন না গ্রাহক। অ্যাপ্‌ল পে পরিষেবা চালু হলে সেই সুবিধা পাবেন ব্যবহারকারী। শুধু তা-ই নয়, আইফোনে যাবতীয় লেনদেন হলে ক্রেডিট কার্ডের নম্বর কোনও ভাবেই জানতে পারবেন না বিক্রেতা। ফলে সাইবার হামলার ঝুঁকি অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে।

পাশাপাশি, অ্যাপ্‌ল পে-তে বাড়তি রিওয়ার্ড পয়েন্টের সুবিধা চালু হওয়ার সম্ভাবনাও বেশ প্রবল। কারণ, অত্যাধুনিক প্রযুক্তির জেরে আইফোন নির্মাণকারী মার্কিন টেক জায়ান্টটি অন্যান্য সংস্থার কাছেও সব সময় বিশেষ প্রধান্য পেয়ে এসেছে। টেক বিশ্লেষকদের বড় অংশই মনে করেন, পরিষেবাটি চালু হলে যুক্তরাষ্ট্র ও ভারতে একই রকম বাস্তুতন্ত্র প্রতিষ্ঠা করতে সক্ষম হবে অ্যাপ্‌ল।

সূত্রের খবর, গোড়ায় কেবলমাত্র ভিসা এবং মাস্টারকার্ডের ক্রেডিট কার্ড দিয়ে ভারতে চালু হবে অ্যাপ্‌ল পে। এ ব্যাপারে এইচডিএফসি, আইসিআইসিআই এবং অ্যাক্সিস ব্যাঙ্কের সঙ্গে মার্কিন টেক জায়ান্টটির আলোচনা চলছে বলে জানা গিয়েছে। চলতি বছরের সেপ্টেম্বরের শেষে বা অক্টোবরের গোড়ায় নতুন পরিষেবা চালুর পরিকল্পনা করছে তারা।

Apple iphone Credit Card

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy