Advertisement
E-Paper

বিএসএনএলের উপগ্রহ-ফোন ঘিরে চড়ছে পারদ! মাসিক রিচার্জে লাগবে কত? পোস্টপেডে মিলবে কী কী সুবিধা?

প্রায় দেড় লক্ষ টাকার উপগ্রহ-ফোন তৈরি করে বাজারে হইচই ফেলে দিয়েছে বিএসএনএল। এই ডিভাইসের রিচার্জের জন্য নতুন নিয়মও তৈরি করেছে তারা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ জুলাই ২০২৬ ১৭:৫৩
BSNL Satellite Phone

ছবি: সংগৃহীত।

স্মার্টফোনের ‘দাদাগিরি’র দিন শেষ! উপগ্রহ-ফোনকে সামনে রেখে বাজারে ‘মেগা এন্ট্রি’ নিয়েছে ভারত সঞ্চার নিগম লিমিটেড (বিএসএনএল)। ওই মুঠোবন্দি ডিভাইস ব্যবহারে প্রতি মাসের খরচ কত? প্রি না পোস্টপেড, কোন প্ল্যানে বাড়তি সুবিধা দিচ্ছে সংশ্লিষ্ট রাষ্ট্রায়ত্ত সংস্থা? এই প্রতিবেদনে তারই হদিস দিল আনন্দবাজার ডট কম।

স্যাটেলাইট ফোনের গ্রাহকদের জন্য প্রি এবং পোস্টপেড, দু’রকম সুবিধাই রেখেছে বিএসএনএল। প্রিপেডের ক্ষেত্রে কমার্শিয়াল ইউজ়ারদের বছরে দিতে হবে ৬৪,১৮৫ টাকা। অর্থাৎ, মাসে মাসে ৫,৮৩৫ টাকা দেবেন তাঁরা। তবে গ্রাহক সরকারি কর্মচারী হলে এই প্ল্যানে ছাড় পাবেন অনেকটাই।

সে ক্ষেত্রে উপগ্রহ-ফোন ব্যবহারের জন্য গ্রাহকের থেকে প্রতি মাসে মাত্র ৩,৫০০ টাকা নেবে বিএসএনএল। অর্থাৎ, বছরে ওই সরকারি কর্মচারীকে দিতে হবে ৩৮,৫০০ টাকা। পোস্ট পেইডের ক্ষেত্রে আবার তিনটে প্ল্যান রয়েছে। পরিষেবা পেতে মাসে ৩,৫০০ থেকে ১১,৬৭০ টাকা পর্যন্ত খরচ করতে হবে গ্রাহককে।

এ ছাড়া উপগ্রহ-ফোন ব্যবহারের ক্ষেত্রে আরও একটি নিয়ম থাকছে। সেটা হল, ফ্রি টকটাইম শেষ হলেই মিনিটপিছু ১৮ টাকা চার্জ কাটবে বিএসএনএল। স্যাটেলাইট-ফোনের হ্যান্ডসেটের দামও নেহাত কম নয়। করসমেত সেটা ১ লাখ ৩৪ হাজার ১৬৬ টাকা বলে জানিয়ে দিয়েছে সংশ্লিষ্ট রাষ্ট্রায়ত্ত সংস্থা।

বিএসএনএলের এই স্যাটেলাইট ফোনে সরাসরি উপগ্রহভিত্তিক টেলি পরিষেবা পাবেন গ্রাহক। ফলে নেটওয়ার্কবিহীন প্রান্তিক এলাকা থেকেও প্রিয়জনের সঙ্গে কথা বলতে পারবেন তাঁরা। সংশ্লিষ্ট ডিভাইসে আছে অতিশক্তিশালী ব্যাটারি। মূলত খনি, দুর্গম এলাকায় উদ্ধারকাজ, প্রতিরক্ষা এবং অ্যাডভেঞ্চার পর্যটনের কথা মাথায় রেখে সংশ্লিষ্ট ফোনটি তৈরি করেছে এই রাষ্ট্রায়ত্ত টেলি সংস্থা।

BSNL Satellite Phone Smartphone

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy