অ্যাপ্লের মুঠোফোন থেকে শুরু করে একগুচ্ছ ডিভাইস নিয়ে সতর্কতা জারি করল কেন্দ্র। মার্কিন টেক জায়ান্ট নির্মিত আইফোন, আইপ্যাড, ম্যাকবুক, অ্যাপল ওয়াচে থাকা অপারেটিং সিস্টেম (পড়ুন, আইওএস) নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে কেন্দ্রীয় সংস্থা ‘ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম’ বা সিইআরটি-ইন। একটি বিবৃতিতে তারা জানিয়েছে, আইওএস সফ্টওয়্যারের মাধ্যমে তথ্যচুরির আশঙ্কা রয়েছে। অর্থাৎ, বড়সড় সাইবার নিরাপত্তা ঝুঁকিতে রয়েছেন কয়েক লক্ষ ব্যবহারকারী!
আরও পড়ুন:
অ্যাপ্লের অপারেটিং সিস্টেমের দু’টি সংস্করণে বেশ কিছু ত্রুটি চিহ্নিত করেছে করেছে কেন্দ্রীয় সাইবার নিরাপত্তা সংস্থা সিইআরটি-ইন। তাদের দাবি, আইওএসে একাধিক দুর্বলতার হদিস পাওয়া গিয়েছে। সেই ফাঁক গলে সাইবার জালিয়াতেরা হানা দিতে পারে আইফোন ও ম্যাকবুক-সহ বিভিন্ন ডিভাইসে। শুধু তা-ই নয়, হ্যাকাররা সফটওয়্যার বা সিস্টেমের ত্রুটি ব্যবহার করে নিজের ইচ্ছেমতো যে কোনও কমান্ড বা কোড সংশ্লিষ্ট মডেলে ঢুকিয়ে দিতে পারেন। ডিভাইসে ইচ্ছামতো কোড কার্যকর করার সুযোগ হাতের মুঠোয় রয়েছে সাইবার হানাদারদের।
আরও পড়ুন:
অ্যাপ্লের ডিভাইসের কোন কোন সংস্করণ ঝুঁকির মুখে তার তালিকাও দিয়েছে সিইআরটি-ইন। তারা জানিয়েছে, আইওএসের এবং আইপ্যাডওএস ক্ষেত্রে ২৬.৭ সংস্করণের আগের অপারেটিং সিস্টেমগুলি ঝুঁকিতে রয়েছে। এ ছাড়াও ম্যাকবুকের গোল্ডেনগেট ভার্সান যদি ম্যাকওএস-এরর ২৭ সংস্করণের আগে হয় তা হলে সাইবার হানার মুখে পড়তে পারে। অ্যাপ্ল ওয়াচ ব্যবহারকারীদের মধ্যে যাঁরা অপারেটিং সিস্টেমের ২৭ সংস্করণটির আগের সংস্করণ ব্যবহার করছেন তাঁরা সাইবার হ্যাকারদের লক্ষ্য হয়ে উঠতে পারেন বলে জানিয়েছে কেন্দ্রীয় সংস্থা।
কেন্দ্রীয় এই সংস্থাটির কাজ হল ইন্টারনেটে কোনও ত্রুটি বা ম্যালওয়্যারের সন্ধান পেলে সেই বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা। কয়েক দিন আগেই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সতর্ক করেছিল সংস্থাটি। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে একাধিক দুর্বলতার হদিস পায় সংস্থাটি। ডিজিটাল প্রযুক্তির যত উন্নতি হচ্ছে, ততই বাড়ছে সাইবার প্রতারণার হার। তাই যে কোনও ফোন বা ডিভাইস সুরক্ষিত রাখতে অপারেটিং সিস্টেম নিয়মিত আপডেট করার পরামর্শ দিয়েছে সিইআরটি-ইন। অ্যাপ্লের পক্ষ থেকে যে সিকিউরিটি আপডেট পাঠানো হয় তা ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে কেন্দ্রীয় সংস্থার তরফে।