অদ্ভুত এক টেবল। তার উপর স্মার্টফোন বা ল্যাপটপ রাখলেই কেল্লাফতে। স্বয়ংক্রিয় ভাবে সংশ্লিষ্ট ডিভাইসগুলিকে চার্জ দিয়ে দিচ্ছে সেটি। শুধু তা-ই নয়, সময়ে সময়ে গ্রাহকের মুখের সামনে ধরবে জলের গ্লাসও! এ-হেন স্মার্ট-ডেস্কের বাজারে আসার খবরে দুনিয়া জুড়ে পড়ে গিয়েছে শোরগোল। কবে থেকে ওই টেবল ভারতে বিক্রি হবে, তাই নিয়ে বাড়ছে জল্পনা।
প্রযুক্তিবিদদের দাবি, স্মার্ট-ডেস্ক নির্মাণ কোনও অভিনব চিন্তাভাবনা নয়। ২০১৭ সালে ‘এয়ার পাওয়ার’ নামের একটি ডিভাইস বাজারে আনার কথা ঘোষণা করে মার্কিন টেক জায়ান্ট অ্যাপ্ল। সেটা দেখতে ছিল একটা ছোটখাটো টেবলের মতোই। তার উপর আইফোন বা আইপড রাখলেই স্বয়ংক্রিয় ভাবে চার্জিং সুবিধা পাওয়া যাবে বলে জানিয়ে দেয় যুক্তরাষ্ট্রের ওই বহুজাতিক সংস্থা।
কিন্তু, শেষ পর্যন্ত ‘এয়ার পাওয়ার’কে বাজারে আনতে ব্যর্থ হয় অ্যাপ্ল। কারণ, মাত্রাতিরিক্ত গরম হয়ে যাওয়ার প্রযুক্তিগত ত্রুটি কখনওই কাটিয়ে উঠতে পারেনি ওই ডিভাইস। ফলে, ২০১৯ সালে আনুষ্ঠানিক ভাবে বন্ধ হয়ে যায় এর গবেষণা। সাত বছর পর মার্কিন টেক জায়ান্টটির চিন্তাভাবনার উপর ভিত্তি করেই স্মার্ট-ডেস্ক তৈরিতে সক্ষম হয় চিনের একটি প্রযুক্তি সংস্থা, নাম এইচটিএক্স স্টুডিয়ো।
বেজিং নির্মিত টেবলটির বেশ কিছু তাকলাগানো চমক রয়েছে। এর উপরে আছে একটি স্মার্ট-ক্যামেরা। সেটা দিয়ে ডেস্কের কোথায় স্মার্টফোন রাখা হয়েছে, সেটা চিহ্নিত করতে সংশ্লিষ্ট ডিভাইস। এর পর মোটরাইজ় চার্জিং কয়েলের মাধ্যমে তাতে পৌঁছে যাবে বিদ্যুৎ। টেবলের ঠিক নীচের অংশে লাগানো থাকছে ওই তার।
আরও পড়ুন:
এ ছাড়াও স্মার্ট-ডেস্কে একটি স্বচ্ছ (পড়ুন, ট্রান্সপারেন্ট) ডিসপ্লে পাবেন গ্রাহক। থাকছে অ্যাপ্ল নির্মিত ছোট ল্যাপটপ। তার পোশাকি নাম ম্যাক-মিনি। টেবলটির উচ্চতা ইচ্ছামতো কম-বেশি করা যাবে। এর জন্য মোটরাইজ়ড হাইট অ্যাডজাস্টমেন্ট সিস্টেম ইনস্টল করা হয়েছে তাতে।
তবে, এই টেবলের সবচেয়ে বড় আকর্ষণের জায়গা হল একটি স্মার্ট-কাপ। সেটা কাজ করার সময় নিজে থেকেই ছুটে আসবে গ্রাহকের কাছে। তাঁকে মনে করিয়ে দেবে জল খাওয়ার কথা। এ-হেন স্মার্ট-ডেস্কের একটি নমুনা বা প্রোটোটাইপ মাত্র দু’মাসের ব্যবধানে তৈরি করেছে এইচটিএক্স স্টুডিয়ো। ফলে, এর বাজারে আসতে আরও কিছু দিন সময় লাগবে বলেই মনে করছেন টেক বিশ্লেষকদের একাংশ।