বাজারে এ বার ১৮ সিরিজ়ের আইফোন আনছে অ্যাপ্ল। মার্কিন টেক জায়ান্টের তৈরি নতুন মুঠোবন্দি ডিভাইসগুলিকে নিয়ে ইতিমধ্যেই চড়তে শুরু করেছে উৎসাহের পারদ। কেমন দেখতে হবে আইফোন-১৮ বা আইফোন-১৮ প্রো? গায়ে থাকবে কী কী রং? এই নিয়ে জল্পনার মধ্যেই ওই সিরিজ়ের ফোনের ছবি ইন্টারনেট ফাঁস হওয়ায় দুনিয়া জুড়ে পড়ে গিয়েছে শোরগোল।
সাধারণত, আনুষ্ঠানিক মুক্তির আগে অ্যাপ্লের কোনও ডিভাইসের ছবি বা ভিডিয়ো হাতে পায় না গ্রাহক। তাই আইফোন-১৮ প্রো-র ঘটনাটিকে বিচ্ছিন্ন হিসাবেই দেখা হচ্ছে। অতীতে এই ধরনের পরিস্থিতি কখনওই তৈরি হয়নি, তা কিন্তু নয়। আইপ্যাড প্রো এম-৫ বাজারে আসার আগেই ইন্টারনেটে ভাইরাল হয়েছিল এর আনবক্সিং ভিডিয়ো।
এ বারে আবার ভাইরাল হয়েছে আইফোন-১৮ প্রো-র ড্রপ টেস্টিংয়ের ভিডিয়ো। প্রথমে একটি অজানা অ্যাকাউন্ট থেকে সেটা এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) পোস্ট করা হয়। পরে ভিডিয়োটা চোখে পড়তেই তা রি-পোস্ট করেন ‘আইস ইউনিভার্স’ নামের এক নেটাগরিক। এর পরই লাখ লাখ সমাজমাধ্যম ব্যবহারকারীর কাছে চলে যায় বহু প্রতীক্ষিত আইফোন-১৮ প্রো-র ছবি।
ভাইরাল হওয়া ভিডিয়ো অনুযায়ী, অ্যাপ্লের নতুন ডিভাইসটির সঙ্গে আইফোন-১৭ প্রো মডেলটির বেশ সাদৃশ্য রয়েছে। নতুন ফোনটির বিশেষত্ব অবশ্য স্পষ্ট নয়। তবে কী ভাবে আনুষ্ঠানিক মুক্তির আগে আইফোন-১৮ প্রো-র ড্রপ টেস্টিং ভিডিয়ো ফাঁস হল, তা নিয়ে তদন্তে নেমেছে নির্মাণকারী মার্কিন টেক জায়ান্ট।
সূত্রের খবর, এক্স হ্যান্ডলের যে অ্যাকাউন্ট থেকে প্রথমে ফোনটির ভিডিয়ো পোস্ট করা হয়েছিল, সেটি পুরোপুরি গায়েব হয়ে গিয়েছে। যদিও তাতে এর ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া আটকানো যায়নি। অনেকের সন্দেহ ছবিফাঁসের নেপথ্যে আছে টাটা ইলেকট্রনিক্স, ভারতে যাঁরা তৈরি করছে অ্যাপ্লের মুঠোবন্দি ডিভাইস।
এ দেশের ঐতিহ্যবাহী শিল্পসংস্থাগুলির মধ্যে অন্যতম হল টাটা গোষ্ঠী। তদন্তে ভিডিয়ো ফাঁসে সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে আন্তর্জাতিক বাজারে তাদের গায়ে যে কালো দাগ লাগবে, তাতে কোনও সন্দেহ নেই। ফলে আগামী দিনে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার।