সমাজমাধ্যম প্ল্যাটফর্মের পাশাপাশি অনলাইন জুয়া! মুনাফার অঙ্ক বাড়াতে এ বার সেই ব্যবসায় নামছে ফেসবুক-ইনস্টাগ্রামের মূল সংস্থা মেটা। এর জন্য পৃথক অ্যাপ তৈরির নির্দেশ দিয়েছেন খোদ বহুজাতিক মার্কিন টেক জায়ান্টটির সহ-প্রতিষ্ঠাতা তথা সিইও (চিফ এগ্জ়িকিউটিভ অফিসার) মার্ক জ়ুকেরবার্গ। তাঁর এ-হেন সিদ্ধান্ত ঘিরে তুঙ্গে জল্পনা।
অনলাইন জুয়া ব্যবসায় মেটার নামার খবর প্রথম প্রকাশ্যে আনে নিউ ইয়র্ক টাইমস। সংস্থার দুই কর্মীকে উদ্ধৃত করে মার্কিন গণমাধ্যমটি জানিয়েছে, এর জন্য ‘অ্যারেনা’ নামের একটি অ্যাপ তৈরি করাচ্ছেন জ়ুকেরবার্গ। সেখানে ঢুকে বাজি ধরতে পারবেন গ্রাহক। পলিমার্কেট এবং কালশি-র মতো অনলাইন জুয়া প্ল্যাটফর্মের আদলে কাজ করবে সেটি।
আরও পড়ুন:
সূত্রের খবর, প্রাথমিক পর্যায়ে ‘অ্যারেনা’য় থাকবে পয়েন্ট-ভিত্তিক ভিডিয়ো গেম। নিউ ইয়র্ক টাইমসের দাবি, পরবর্তী পর্যায়ে সরাসরি অর্থের বিনিময়ে বাজি ধরার বিষয়টি চালু করবেন জ়ুকেরবার্গ। তবে অ্যাপটিকে পুরোপুরি পলিমার্কেট বা কালশি-র মতো করতে চাইছেন না তিনি। ফলে ‘অ্যারেনা’ পুরোপুরি সাট্টাবাজার হয়ে উঠবে না বলেই মনে করছে বিশেষজ্ঞমহল।
বর্তমানে মেটার একগুচ্ছ সমাজমাধ্যম প্ল্যাটফর্ম রয়েছে। সেগুলি হল ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াট্সঅ্যাপ ও মেসেঞ্জার। সূত্রের খবর, চালু হওয়ার পর সম্পূর্ণ পৃথক ভাবে কাজ করবে ‘অ্যারেনা’। তাৎপর্যপূর্ণ বিষয় হল, মার্কিন টেক জায়ান্টটির সমাজমাধ্যম ব্যবহারকারীর সংখ্যা ইতিমধ্যেই ৩৫৬ কোটি ছাড়িয়ে গিয়েছে। আর তাই অনলাইন জুয়ার সদস্যসংখ্যা বাড়াতে তাঁদের নিয়ে যে বড় ঘোষণা জ়ুকেরবার্গ করতে পারেন, তা বলাই বাহুল্য।
আরও পড়ুন:
গত বছর (২০২৫ সাল) অনলাইন সাট্টায় পলিমার্কেট এবং কালশি-র লেনদেনের পরিমাণ ছিল ৫,০০০ কোটি ডলার। ২০২৬ সালের জুনের মধ্যে সেই অঙ্ক বৃদ্ধি পেয়ে ১৩,০০০ কোটি ডলারে পৌঁছে গিয়েছে। নিউ ইয়র্ক টাইমসের দাবি, সেই কারণেই অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম খুলতে আগ্রহী হয়েছে মেটা।
ভারতে অবশ্য এই ধরনের অনলাইন জুয়া বা সাট্টা পুরোপুরি বেআইনি। আর তাই এ দেশে বসে পলিমার্কেটে টাকা ওড়াতে পারেন না কেউ। মেটা ‘অ্যারেনা’ বাজারে এলে সেই নিয়ম বহাল থাকবে বলেই মনে করে হচ্ছে। তবে যে ভাবে এর জনপ্রিয়তা বাড়ছে, তাতে আগামী দিনে এর জন্য নতুন আইন পাশ করাতে হয় কি না, সেটাই এখন দেখার।