Advertisement
E-Paper

অ্যান্ড্রয়েড-আইওএস নয়, থাকতে পারে নতুন প্রযুক্তি! বাজারে আসতে চলা এই স্মার্টফোন ঘিরে চড়ছে পারদ!

চলতি বছরের নভেম্বরে বাজার কাঁপাতে ফ্ল্যাগশিপ স্মার্টফোনের নতুন মডেল বাজারে আনছে মোটোরোলা। কী কী সুবিধা থাকবে তাতে? কিনতে খরচ হবে কত টাকা?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৬ ১৬:৩৩
Motorola Smartphone

ছবি: সংগৃহীত।

উৎসবের মরসুমে নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজারে আনছে মোটোরোলা। মডেলটির নাম ‘সিগনেচার-২৭’। সব কিছু ঠিক থাকলে চলতি বছরের নভেম্বর থেকে বিপণী ও ই-কমার্স সাইটে পাওয়া যাবে সেটি। মুঠোবন্দি ডিভাইসটির বৈশিষ্ট্য ইতিমধ্যেই প্রকাশ্যে এনেছে নির্মাণকারী সংস্থা। যা নিয়ে গ্রাহক মহলে রীতিমতো হইচই পড়ে গিয়েছে।

মোটোরোলার এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনটিতে রয়েছে সর্বাধুনিক প্রসেসার। সেটি হল, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট এক্সট্রিম জ়েন-৬। এর মূল ক্যামেরাটি ৫০ মেগাপিক্সলের। যেটি আবার তৈরি করেছে বিখ্যাত জাপানি সংস্থা সনি। এ ছাড়া, এতে ২০০ মেগাপিক্সলের টেলি ফোটো জ়ুম লেন্সেরও স্বাদ পাবেন ব্যবহারকারী।

ফ্ল্যাগশিপ মডেল ‘সিগনেচার-২৭’-এর সফটঅয়্যার আপডেটের সময়সীমা নেহাত কম নয়। মোটোরোলা জানিয়েছে, কেনার পর সাত বছর এই সুবিধা পাবেন গ্রাহক। সূত্রের খবর, সংশ্লিষ্ট স্মার্টফোনটিতে অ্যান্ড্রয়েড বা আইওএসের বাইরে পৃথক অপারেটিং সিস্টেম রাখার পরিকল্পনা রয়েছে নির্মাণকারী সংস্থার।

প্রযুক্তিবিদদের দাবি, মোটোরোলার ওই ফোনে থাকবে গ্রাফিং ওএস। যাকে সবচেয়ে বেশি নিরাপদ বলা যেতে পারে। কারণ, এই অপারেটিং সিস্টেমে উঁকিঝুঁকি মারা হ্যাকারদের পক্ষে কার্যত অসম্ভব। যদিও এ ব্যাপারে কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

সূত্রের খবর, ভারতের বাজারে মোটোরোলা সিগনেচার ২৭-এর সম্ভাব্য দাম দাঁড়াবে ৮৯,৯৯৯ টাকা। সংশ্লিষ্ট মডেলে ১২ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজের সুবিধা পাবেন গ্রাহক। কিছু ই-কমার্স প্ল্যাটফর্মে ছাড় দিয়ে ৬৯,৯৯৯ টাকায় বিক্রি হতে পারে ওই স্মার্টফোন। আবার এক লাখের বেশিও উঠতে পারে দর।

Smartphone Android Phone Tech tips

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy