উৎসবের মরসুমে নতুন স্মার্টফোন বাজারে এনেছে স্যামসাং। গ্যালাক্সি সিরিজের ওই মডেলটির নাম এস-২৬এফই। প্রারম্ভিক মূল্য ৬৯,৯৯৯ টাকা বলে জানা গিয়েছে। ঠিক এক বছর আগে (পড়ুন, ২০২৫ সাল) গ্যালাক্সি সিরিজের এস-২৫এফই মডেলটি ভারতে আনে সংশ্লিষ্ট দক্ষিণ কোরীয় টেক জায়ান্ট। তাৎপর্যপূর্ণ বিষয় হল, প্রযুক্তির নিরিখে এই দুই স্মার্টফোনের মধ্যে খুব সামান্যই তফাত রয়েছে।
টেক বিশ্লেষকদের কথায়, এস-২৫এফই এবং এস-২৬এফই -- এই দুই মডেলের ডিসপ্লে, ব্যাটারি এবং ক্যামেরা হুবহু একই রেখেছে স্যামসাং। তা ছাড়াও অপরিবর্তিত রয়েছে ওজন, স্থূলতা, চার্জিংয়ের গতি, র্যাম, রম, রিফ্রেশ রেট, স্পিকার ও সফটঅয়্যার। শুধু মাত্র প্রসেসার এবং ইউএসবি পোর্টের ক্ষেত্রে সামান্য অদল-বদল করেছে নির্মাণকারী সংস্থাটি।
এস-২৫এফই মডেলটিতে এক্সিনোস ২৪০০ প্রসেসার ব্যবহার করেছে স্যামসাং। অন্য দিকে, এস-২৬এসইতে এক্সিনোস ২৫০০ প্রসেসারের সুবিধা পাবেন গ্রাহক। গত বছর বাজারে আসা ফোনটিতে রয়েছে ৩.১ প্রজন্মের টাইপ সি শ্রেণির ইউএসবি পোর্ট। অন্য দিকে, নতুন ডিভাইসে ২.০ সংস্করণের ইউএসবি পোর্ট পাবেন ব্যবহারকারী।
প্রযুক্তিগত পার্থক্য সামান্য হলেও দামের নিরিখে দু’টি মডেলের বিরাট পার্থক্য রয়েছে। ভারতের বাজারে এস-২৫এফইর প্রারম্ভিক মূল্য ৫৯,৯৯৯ টাকা রেখেছে স্যামসাং। কোন যুক্তিতে এস-২৬এফইর দাম ১০,০০০ টাকা বেশি রাখা হল, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলছেন টেক বিশেষজ্ঞদের একাংশ।
চলতি বছরের সেপ্টেম্বরে ভাঁজ করা আইফোন বাজারে এনেছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপ্ল। যার পোশাকি নাম ‘আইফোন ডুয়ো’। এর জেরে প্রবল প্রতিযোগিতার মুখে পড়তে পারে স্যামসাঙের গ্যালাক্সি সিরিজে জ়েড ফোল্ড ৮-কে মডেল। তার মধ্যে দক্ষিণ কোরীয় সংস্থাটি পুরনো মডেলকে নতুন মোড়কে ফের বাজারে আনায় প্রশ্নের মুখে পড়েছে তাদের গ্রহণযোগ্যতা। এই ধরনের সিদ্ধান্ত বুমেরাং হতে পারে বলেও সতর্ক করছেন বিশ্লেষকদের একাংশ।