স্মার্টফোনের দুনিয়ায় উলট-পুরাণ। হনহনিয়ে স্রোতের বিপরীতে হাঁটছে ভিভো! ৫জি-র দুনিয়ায় এক ধাপ পিছিয়ে ৪জি শ্রেণির মুঠোবন্দি ডিভাইস বাজারে আনল সংশ্লিষ্ট চিনা সংস্থা, নাম ‘টি৫ই’। ভিভোর এই স্মার্টফোনে কী কী সুবিধা পাবেন গ্রাহক? কিনতে লাগবে কত টাকা? আনন্দবাজার ডট কম-এর এই প্রতিবেদনে রইল তার হদিস।
ভিভো টি৫ই-তে রয়েছে ৬.৭ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে। এ ছাড়া ইউনিএসওসির প্রসেসার পাবেন গ্রাহক। ৪জি স্মার্টফোনটির ব্যাটারির আকার ৫,৫০০ এমএএইচ। ক্যামেরাও যে খুব আহামরি, এমনটা নয়। পিঠের দিকে আট মেগাপিক্সল এবং সামনের দিকে পাঁচ মেগাপিক্সলের লেন্সে তোলা যাবে ছবি। স্টোরেজের নিরিখে টি৫ই-র দু’টি ডিভাইস বাজারে এনেছে চিনা সংস্থা।
আরও পড়ুন:
বর্তমানে চার এবং ৬৪ জিবির ভিভো ৪জি স্মার্টফোন বিক্রি হচ্ছে বাজারে। এর ন্যূনতম দাম ১৩,৯৯৯ টাকা। কিছু দিন আগেও ৮,০০০ টাকায় পাওয়া যাচ্ছিল এই গোত্রের ডিভাইস। কিন্তু, স্টোরেজ ও র্যামের মূল্যবৃদ্ধির জেরে হু-হু করে চড়েছে স্মার্টফোনের দর। এর জেরে বিক্রির সূচক খাদে নেমে যাওয়ায় মাথায় হাত পড়েছে প্রায় সমস্ত নির্মাণকারী সংস্থার।
২০২১-’২২ সালে ভারতীয় বাজারে তুঙ্গে ওঠে ৪জি স্মার্টফোনের চাহিদা। কিন্তু, পরবর্তী কালে ৫জি প্রযুক্তি চলে আসার পর ধীরে ধীরে অদৃশ্য হতে থাকে সেগুলি। প্রযুক্তিবিদদের অনুমান, দাম বৃদ্ধির জেরে বিক্রি বাড়াতে পুরনো ৪জি স্মার্টফোন ফের বাজারে এনেছে ভিভো। চিনা সংস্থার তৈরি টি৫ই কত জন পছন্দ করেন, সেটাই এখন দেখার।
অন্য দিকে, স্মার্টফোনের দাম কমাতে কেন্দ্রকে করহ্রাসের প্রস্তাব দিয়েছে জিটি ভারত ও পিডব্লিউআইএফ। বর্তমানে মুঠোবন্দি ডিভাইসে ১৮ শতাংশ পণ্য ও পরিষেবা কর বা জিএসটি (গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স) নিচ্ছে সরকার। সেই অঙ্ক পাঁচ শতাংশে নামিয়ে আনার আর্জি জানিয়েছে ওই দুই সংস্থা। যদিও সেটা নিয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি নরেন্দ্র মোদী প্রশাসন।