স্মার্টফোন ব্যবসায় শনির দশা! র্যাম ও স্টোরেজ-সহ একাধিক যন্ত্রাংশের মূল্যবৃদ্ধির জেরে খুচরো বাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মুঠোবন্দি ডিভাইসের দাম। এ-হেন পরিস্থিতিতে ভারতে রেডমি নোট সিরিজ়ের নতুন মডেল বিক্রির সিদ্ধান্ত নিল শাওমি। ফলে চিনা সংস্থাটির তৈরি রেডমি নোট ১৭ ফাইভ জি ফোনটি কেনার সুযোগ পাবেন এ দেশের গ্রাহক।
প্রযুক্তিবিদদের অনুমান, বর্তমান পরিস্থিতিতে কোনও অবস্থাতেই সস্তা দরে সংশ্লিষ্ট মডেলগুলি বিক্রি করবে না শাওমি। একসময় ভারতে ৯,৯৯৯ টাকা ছিল চিনা সংস্থাটির তৈরি ফ্ল্যাগশিপ ফোনের দাম। এ বার অবশ্য রেডমি নোট সিরিজ়ের ফোনের প্রারম্ভিক মূল্য ৩০,০০০ টাকা হতে চলেছে বলে সূত্র মারফত মিলেছে খবর।
আরও পড়ুন:
একাধিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১৮ বা ২০ সেপ্টেম্বর থেকে এ দেশের মোবাইল ফোনের দোকানগুলিতে পাওয়া যাবে শাওমির রেডমি নোট ১৭ ফাইভ জি। উৎসবের মরসুমের মুখে এই মডেলকে সামনে রেখে ভারতের বাজারে ঝড় তোলার পরিকল্পনা রয়েছে তাদের।
অন্য দিকে, ২০ অগস্ট এ দেশে আসছে আইকো জ়েড১১ মডেলের স্মার্টফোন। এতে প্রথম মিডিয়াটেক ডায়মেনসিটির ৭,৫০০ টার্বো প্রসেসারের স্বাদ পাবেন ব্যবহারকারী। এ বছরের মার্চে চিনের বাজারে আত্মপ্রকাশ করে ঠিক একই ধরনের একটি মুঠোবন্দি ডিভাইস। সেই মডেলের প্রসেসার আরও কিছুটা বেশি শক্তিশালী বলে জানা গিয়েছে।
আরও পড়ুন:
সূত্রের খবর, জ়েড১১ স্মার্টফোনে থাকবে কার্ভ-ডিসপ্লে। ফলে মডেলটি কত জন পছন্দ করবেন, তা নিয়ে টেক বিশেষজ্ঞদের মধ্যে যথেষ্ট সন্দেহ রয়েছে। চিনে এটি বিক্রি হচ্ছে ভারতীয় মুদ্রা ৩১,০০০ টাকায়। সেখানে এ দেশে স্মার্টফোনটির দাম ৩২,০০০-৩৫,০০০ টাকার মধ্যে ঘোরাফেরা করতে পারে বলে মনে করা হচ্ছে।