কৃত্রিম মেধার (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই) স্মার্টচশমা। যেটা তৈরি করতে কোমর বেঁধে নেমেছে অ্যাপ্ল। সূত্রের খবর, আর কিছু দিনের মধ্যেই শেষ হবে কাজ। ফলে ডিভাইসটি কবে বাজারে আসছে, তা নিয়ে আমজনতার মধ্যে চড়ছে উৎসাহের পারদ। এ-হেন পরিস্থিতিতে মার্কিন টেক জায়ান্টটিকে নিয়ে বিস্ফোরক প্রতিবেদন প্রকাশ করল ব্লুমবার্গ।
আমেরিকার জনপ্রিয় গণমাধ্যমটির দাবি, এআই স্মার্টচশমা বাজারে আনার দিনক্ষণ পিছতে চলেছে অ্যাপ্ল। ফলে সংশ্লিষ্ট ডিভাইসটি হাতে পেতে বেশ কিছু সময় অপেক্ষা করতে হবে গ্রাহককে। সূত্রের খবর, আগামী বছর (পড়ুন ২০২৭ সাল) ‘ওয়ার্ল্ডওয়াইড ডেভলপার্স কনফারেন্সে’ (ডব্লিউডব্লিউডিসি) কৃত্রিম মেধার স্মার্টচশমার কথা ঘোষণা করতে পারে এই মার্কিন টেক জায়ান্ট।
আরও পড়ুন:
প্রযুক্তির দুনিয়ায় অ্যাপ্ল আয়োজিত ডব্লিউডব্লিউডিসি-র আলাদা গুরুত্ব রয়েছে। প্রতি বছর এই অনুষ্ঠানের মাধ্যমে নতুন সফট্অয়্যার, ডিভাইস, অপারেটিং সিস্টেম এবং এই সংক্রান্ত নানা ধরনের সরঞ্জামকে গোটা বিশ্বের সামনে তুলে ধরে সংশ্লিষ্ট মার্কিন টেক জায়ান্ট। নতুন প্রজন্মের আইফোন, আইপ্যাড এবং ম্যাকবুকের ঘোষণাও এখানেই করে থাকে তারা।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই ভাঁজ করা (ফোল্ডিং) আইফোন তৈরির চেষ্টা চালাচ্ছে অ্যাপ্ল। সেই ডিভাইসের বাজারে আসার সময় পিছোতে পারে বলে সূত্র মারফৎ মিলেছে খবর। মার্কিন গণমাধ্যমগুলির একাংশের দাবি, চূড়ান্ত পরীক্ষার সময় কয়েকটি ভাঁজ করা আইফোনে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। যার জেরে এই পণ্য তড়িঘড়ি বিক্রির সিদ্ধান্ত থেকে সরে এসেছে মার্কিন টেক জায়ান্ট।
এ বছরের সেপ্টেম্বরে ভাঁজ করা আইফোন বাজারে আসার কথা ছিল। সেটা হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। বর্তমানে র্যাম ও স্টোরেজের জোগান ঠিক না থাকায় ব্যাপক সমস্যার মুখে পড়েছে বিশ্বের তাবড় স্মার্টফোন সংস্থা। ফলে অ্যাপ্লের সিদ্ধান্ত ডামাডোল পরিস্থিতিতে যে কোনও স্বস্তি দেবে না, তা বলাই বাহুল্য।