শুধুমাত্র অ্যাপ্ল বা স্যামসাং নয়। কিছু দিনের মধ্যেই লাখ টাকায় পৌঁছোবে ওয়ানপ্লাস বা আইকু-র মতো সংস্থার ফ্ল্যাগশিপ স্মার্টফোন! এ বার সেই ইঙ্গিত দিল জনপ্রিয় মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ। তাদের প্রতিবেদন অনুযায়ী, আগামী দিনে স্মার্টফোন নির্মাণকারী কোম্পানিগুলিকে অগ্নিমূল্যে কিনতে হবে অত্যাধুনিক প্রসেসার। এর জেরে লাখ টাকার কমে কোনও ফ্ল্যাগশিপ স্মার্টফোন বিক্রি অসম্ভব।
ব্লুমবার্গ জানিয়েছে, এ বছরের শেষের দিকে নতুন ফ্ল্যাগশিপ প্রসেসার বাজারে আনবে কোয়ালকম। তার দাম ১০ থেকে ২০ শতাংশ বৃদ্ধি পেতে চলেছে। ফলে ফ্ল্যাগশিপ প্রসেসারের ন্যূনতম মূল্য ৩০০ ডলারে পৌঁছোতে পারে। ভারতীয় মুদ্রায় সেটা প্রায় ২৮,৫৮৮ টাকা। তাৎপর্যপূর্ণ বিষয় হল, ফ্ল্যাগশিপ ফোনে কোয়ালকমের অত্যাধুনিক প্রসেসারই ব্যবহার করে থাকে অধিকাংশ নির্মাণকারী সংস্থা।
বর্তমানে ৬০-৭০ হাজার টাকায় ঘোরাফেরা করে থাকে ওয়ানপ্লাস বা আইকু-র মতো কোম্পানিগুলির ফ্ল্যাগশিপ ফোনের দাম। সেটাই এক লাখে পৌঁছোলে আইফোন বা স্যামসাঙের ডিভাইস যে আমজনতার ধরাছোঁয়ার বাইরে যেতে পারে, তা বলাই বাহুল্য।
আরও পড়ুন:
অন্য দিকে চলতি বছরের সেপ্টেম্বরে ১৮ সিরিজ়ের আইফোন বাজারে আনছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপ্ল। বিশেষজ্ঞদের দাবি, এ দেশে সেগুলির প্রারম্ভিক দাম হতে পারে ৮৮,৯৯০ টাকা। যদিও মডেলভেদে দরের যথেষ্ট তারতম্য রয়েছে। আইফোন ১৮ প্লাসের ন্যূনতম মূল্য হতে পারে ৯৯,৯৯০ টাকা। সেখানে আইফোন প্রো এবং প্রো ম্যাক্সের মতো ফ্ল্যাগশিপ ডিভাইস কিনতে ১ লক্ষ ৪৯ হাজার ৯০০ টাকা থেকে ১ লক্ষ ৭৮ হাজার পর্যন্ত খরচ করতে হবে গ্রাহককে।