কাজের সূত্রে বা ভ্রমণের জন্য ভারত থেকে কানাডা যাওয়া এখন আরও সহজ হল। দিল্লি বা অন্য কোনও দেশের আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহারের ঝক্কি ছাড়াই এখন সরাসরি মুম্বই থেকেই টরন্টো পৌঁছোনো যাবে। সম্প্রতি মুম্বই থেকে চালু হল নতুন বিমান পরিষেবা। এয়ার ইন্ডিয়ার নয়া উড়ানে প্রায় ১৮ ঘণ্টাতেই মুম্বই থেকে টরন্টো পৌঁছনো যাবে।
এত দিন ভারত থেকে টরন্টো সরাসরি যেতে দিল্লি বিমানবন্দর ব্যবহার করা হত। এ বার সংযোজিত হল মুম্বই থেকে পরিষেবা। আগামী বছর ২৬ মার্চ পর্যন্ত শীতকালীন পরিষেবা চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৫ অক্টোবর পরিষেবাটি শুরু হয়েছে। সপ্তাহে তিন দিন— বুধবার, শুক্রবার এবং রবিবার কানাডা যাওয়ার উড়ান মিলবে।
এয়ার ইন্ডিয়া টরন্টো যাত্রা আরামদায়ক করতে আধুনিক বোয়িং ৭৭৭-৩০০ইআর ব্যবহার করছে। বিমানে মিলবে আধুনিক সমস্ত সুযোগ-সুবিধা। স্লাইডিং ডোরসহ ৮টি ফার্স্ট ক্লাস স্যুট, ৪০টি বিজনেস ক্লাস ফ্ল্যাট বেড এবং ২৮০টি ইকনমি সিট থাকছে। মাঝ-আকাশে ওয়াই-ফাই-এর সুবিধাও মিলবে।
ইতিমধ্যেই দিল্লি–টরন্টো রুটে ১০টি বিমানের মধ্যে ৭টিতে নতুন বোয়িং ৭৮৭-৯ চালু হয়েছে। আগামী বছর জানুয়ারির মধ্যে বাকি বিমানগুলিও বদলানো হবে।। নতুন বিমান পরিষেবার ফলে, মাসে প্রায় ৪ হাজার ৪০০টি অতিরিক্ত আসন বাড়ছে।
প্রতি বছর কর্মসূত্রে, পড়াশোনার বা ভ্রমণের জন্য ভারতের নানা প্রান্ত থেকে বহু মানুষ কানাডা যান। নতুন বিমান পরিষেবায় তাঁদের যাত্রা সহজ এবং আরামদায়ক হচ্ছে। সপ্তাহে তিন দিন মুম্বই থেকে ভোর চারটেয় ছাড়ছে টরন্টোগামী উড়ান।