বাগ্দানের আংটি তৈরির জন্য অদ্ভুত কাণ্ড ঘটালেন এক তরুণ। সরাসরি দোকান থেকে আংটি কেনার বদলে সোনা সংগ্রহের কাজে লেগে পড়লেন তিনি। কয়েক মাস ধরে নিরলস পরিশ্রম করে নদী থেকে সোনা জোগাড় করে, তা দিয়েই তৈরি আংটি পরিয়ে হবু স্ত্রীকে চমকে দিলেন কলোরাডোর বাসিন্দা ওই তরুণ।
আরও পড়ুন:
নদীর জল থেকে সোনা ছেঁকে বার করে, তা দিয়ে আংটি তৈরি করান কলোরাডোর হুইট রিজের বাসিন্দা জ্যাক ভলকানি। তার পর হাইকিংয়ে গিয়ে, প্রেমিকাকে রীতিমতো চমকে দিয়ে বিয়ের প্রস্তাব দেন জ্যাক। সংবাদ প্রতিবেদন অনুসারে, যখন থেকে প্রেমিকা জোয়ানকে বিয়ের প্রস্তাব দেওয়ার কথা ভাবতে শুরু করেন জ্যাক, তখনই তাঁর মাথায় এক ভিন্ন পরিকল্পনা ঘুরতে থাকে। বাগদানের আংটি তৈরি করার জন্য নিজেই সোনা সংগ্রহের সিদ্ধান্ত নেন তিনি। সটান চলে আসেন কলোরাডো নদীর ধারে। এক এক করে সোনার ক্ষুদ্রাতিক্ষুদ্র কণা সংগ্রহ করতে শুরু করেন জ্যাক।
আংটির জন্য যথেষ্ট পরিমাণে সোনা পাওয়ার জন্য কয়েক মাস ধৈর্য ধরে নদীর জল ছেঁকে সোনা বার করতে হয়েছিল জ্যাককে। সেই সোনার গুঁড়ো নিয়ে এক স্যাকরার কাছে যান জ্যাক এবং তা দিয়েই একটি আংটি তৈরি করে দেওয়ার অনুরোধ করেন। এমন কথা শুনে বিস্মিত হন ওই স্যাকরারাও। তবে, জ্যাকের অনুরোধ ফেলতে পারেননি তিনি। সোনা গলিয়ে ছাঁচে ফেলে একটি আংটির আকার দেওয়া হয়। কয়েক মাসের কঠোর পরিশ্রমের সার্থকতা খুঁজে পান তরুণ। এর পর ছিল প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেওয়ার পালা। জোয়ানের কাছে প্রথমে গোটা বিষয়টি গোপন রাখেন জ্যাক।
আরও পড়ুন:
এর পর দু’জনে যখন হাইকিংয়ে যান, জ্যাক তাঁর নদীর ধারে কাটানো সময়ের একটি ভিডিয়ো চালান। প্রথমে জোয়ানের বিষয়টি বোধগম্য হয়নি। কেন তাঁকে নদীর ধারের ফুটেজ দেখানো হচ্ছে, তা জানতে চান তরুণী। পরে আংটি তৈরির ভিডিয়োটি দেখার পর বিষয়টি অনুধাবন করতে পেরে ঝরঝর করে কেঁদে ফেলেন জোয়ান। তিনি জানান, এটি তাঁর কাছে চিরস্মরণীয় মুহূর্ত হয়ে থেকে যাবে।