Advertisement
E-Paper

মদ খেয়ে আস্ত সরকারি বাস চুরি! ১৮ কিমি ধাওয়া করে তরুণকে ধরতে কালঘাম ছুটল পুলিশের, ভিডিয়ো ভাইরাল

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি একটি সরকারি বাস নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। প্রচণ্ড গতিতে তিনি বাসটি নিয়ে ছুটছেন। আর বাসের পিছনে ধাওয়া করছে পুলিশের তিন-চারটি গাড়ি। ঘটনাটি ঘটেছে তেলঙ্গানায়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ জুলাই ২০২৬ ১২:৩৪
তেলঙ্গানায় সরকারি বাস চুরিতে অভিযুক্ত ব্যক্তি।

তেলঙ্গানায় সরকারি বাস চুরিতে অভিযুক্ত ব্যক্তি। ছবি: সংগৃহীত।

বাইক বা গাড়ি নয়, একেবারে বাস চুরি! তাও আবার সরকারি বাস। মদ খেয়ে হুঁশ হারিয়ে আস্ত বাস চুরি করে পুলিশকে নাজেহাল করে গ্রেফতার হলেন এক ব্যক্তি। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে ঘটনাটি ঘটেছে তেলঙ্গানায়। সরকারি সংস্থা স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন (টিজিএসআরটিসি)-এর একটি বাস চুরি করে ১৮ কিমি চালিয়ে নিয়ে যান তিনি। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ব্যক্তি ওই সময় মদ খেয়ে ছিলেন। সেই ঘটনার একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি বাসটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। প্রচণ্ড গতিতে তিনি বাসটি ছোটাচ্ছেন। আর বাসের পিছনে ধাওয়া করছে পুলিশের তিন-চারটি গাড়ি। ধাওয়া করার সময় অভিযুক্ত ব্যক্তি বেপরোয়া ভাবে গাড়ি চালিয়ে তিনটি দুই চাকার যান ও একটি পুলিশের গাড়িতে ধাক্কা মারেন বলেও অভিযোগ। এই ঘটনার জেরে রাস্তায় থাকা যাত্রী ও গাড়িচালকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ১৮ কিমি পর্যন্ত তাঁকে ধাওয়া করে পুলিশ। শেষমেশ রাস্তা অবরোধ করে মেটপল্লির কাছে বাসটিকে আটক করা হয়। চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতেই বাসটি ছিটকে গিয়ে রাস্তার পাশের একটি গাছে ধাক্কা মারে। অভিযুক্ত ব্যক্তি পালানোর চেষ্টা করলে পুলিশ তাঁকে বলপূর্বক গ্রেফতার করে।

পুলিশ সূত্রে খবর, জগতিয়াল জেলার কোরুলা বাসস্ট্যান্ডে বাসটি পার্ক করা ছিল। চালকবিহীন আরটিসি বাসটিকে দেখে চালকের আসনে বসে মেটপল্লির দিকে চালিয়ে নিয়ে যান মদ্যপ। আরটিসি-র নিরাপত্তা কর্মীরা জিপিএস-এর মাধ্যমে বাসের অবস্থান শনাক্ত করেন। তার পর পুলিশে খবর যায়। এর পর পুলিশের বড়সড় একটি দল চুরি যাওয়া যানটিকে ধাওয়া করে। ভিডিয়োটি এক্স হ্যান্ডলে ‘রাজেশরেড্ডিয়েগা’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। তদন্তকারী আধিকারিকেরা চুরির উদ্দেশ্য খতিয়ে দেখছেন। অভিযুক্ত ব্যক্তি কী ভাবে সকলের নজরে এড়িয়ে ডিপো থেকে বাসটি চালিয়ে নিয়ে গেলেন, তা-ও খতিয়ে দেখছে পুলিশ।

Telengana

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy