বন্যপ্রাণীকে তাড়া করার ফল ভুগল এক নাবালক। ভাম বা গন্ধগোকুল ধরার সাধ মিটল চিরতরে। বাড়ির সিঁড়িতে একটি ভামকে তাড়া করার পরই ঘটে গেল এক মারাত্মক ঘটনা। নাবালককে আক্রমণ করে বসল গন্ধগোকুলটি। ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। সেই দৃশ্য সমাজমাধ্যমে ভিডিয়োর আকারে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ভিডিয়োয় ক্যাপশন অনুযায়ী ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বারাণসীতে।
আরও পড়ুন:
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বাড়িতে একটি গন্ধগোকুলকে দেখতে পেয়ে সেটিকে তাড়া করে এক নাবালক। সিঁড়ি দিয়ে প্রাণীটি উঠতেই তার পিছনে পিছনে উঠতে থাকে সে। এর পর আতঙ্কিত প্রাণীটি আত্মরক্ষার জন্য কিশোরের উপর ঝাঁপিয়ে পড়ে। নাবালকের হাত কামড়ে ধরে। কিশোরের চিৎকার শুনে পরিবারের সদস্যেরা ছুটে এলেও প্রাণীটি পালিয়ে যায়নি। নাবালকের হাত কামড়ে ঝটাপটি করতে থাকে। দোতলা থেকে নেমে এসে এক তরুণী প্রাণীটিকে ছাড়ানোর চেষ্টা করলেও লাভ হয়নি। নীচে থেকেও দুই তরুণ ছুটে আসেন। এক জন একটি কাপড় দিয়ে গন্ধগোকুলের গায়ে আঘাত করতেই সেটি সিঁড়ি দিয়ে নেমে পালায়। আহত কিশোরকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এক্স হ্যান্ডলের ‘অ্যাঙ্কশাসভিডস’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ইতিমধ্যে ২০ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে। ১০ হাজার লাইক জমা পড়েছে ভিডিয়োয়। প্রচুর মানুষ তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন। এক নেটাগরিক লিখেছেন, ‘‘নাবালক আর বেচারা প্রাণী, দু’জনের কেউই দোষী নয়। এক জন কৌতূহলী ছিল আর অন্য জন আত্মরক্ষা করেছে।’’ বিশেষজ্ঞদের মতে, এশিয়ান পাম সিভেট সাধারণত মানুষের ওপর আক্রমণ করে না। তবে ভয় পেলে বা কোণঠাসা হয়ে পড়লে আত্মরক্ষার জন্য আক্রমণাত্মক আচরণ করতে পারে। তাই বাড়িতে কোনও অজানা বন্য প্রাণী ঢুকে পড়লে তাকে ধরার বা তাড়া করার চেষ্টা না করে বন দফতরকে খবর দেওয়াই সবচেয়ে নিরাপদ।