রাতে সূর্যের আলো মিলবে না। তাই সোলার প্যানেলে চার্জ দেওয়ার সম্ভাবনা নেই। কিন্তু হাল ছাড়তে রাজি নন এক ব্যক্তি। সৌরশক্তির বিকল্প হিসাবে হাতে তুলে নিলেন ব্যাটারিতে জ্বলা টর্চ। তাই দিয়েই সোলার প্যানেলটি চার্জ করার চেষ্টা করতে দেখা গেল তাঁকে। অদ্ভুত এই ঘটনার দেখা মিলল বিহারে। সেই ঘটনাটি ভিডিয়ো আকারে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়েছে। ভিডিয়োটি দেখে অবাক হয়েছেন অনেকেই। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, এক ব্যক্তি রাতে তাঁর বাড়ির বাইরে দরজার কাছে দাঁড়িয়ে আছেন। তাঁর হাতে একটি টর্চ রয়েছে এবং তিনি বাড়ির বাইরে লাগানো সোলার প্যানেলটির উপর ক্রমাগত আলো ফেলছেন। একসময় হঠাৎ করেই গোটা এলাকাটি অন্ধকার হয়ে যায়। ওই ব্যক্তি সোলার প্যানেলের উপর টর্চের আলোটি ধরে রাখেন। কয়েক সেকেন্ডের মধ্যে প্যানেলের উপর থাকা বিদ্যুৎবাতিটি জ্বলে ওঠে। ভিডিয়োটি দেখে মনে হচ্ছে, তিনি টর্চ দিয়ে সোলার প্যানেলটি চার্জ করার চেষ্টা করছেন। তিনি কিছু ক্ষণ প্যানেলটির ওপর টর্চলাইট জ্বালিয়ে রাখেন এবং এর পর ভিডিয়োটি শেষ হয়ে যায়।
ভিডিয়োটি এক্স হ্যান্ডলের ‘লার্নগ্রোডেলি’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর তা কয়েক লক্ষ বার দেখা হয়েছে। ভিডিয়োটি দেখার পর হাসির তুফান উঠেছে। বিভিন্ন ধরনের মজার মজার মন্তব্য জমা পড়েছে ভিডিয়োয়। এক নেটাগরিক মজার ছলে লিখেছেন, ‘‘বিহারের মানুষদের হালকা ভাবে নেওয়ার ভুল করবেন না।’’ আবার এক নেটাগরিক বিষয়টি অন্য ভাবে ব্যাখ্যা করেছেন। তাঁর দাবি, টর্চ দিয়ে সোলার চার্জারটি চার্জ হচ্ছে না। সেন্সরটি উপর আলো পড়ায় এটি বন্ধ হয়ে যায়। আর অন্ধকারে চালু হচ্ছে।