Advertisement
E-Paper

ট্রেনের দিকে তাকিয়ে হাতে হাত দিয়ে লাইনে শান্ত ভাবে বসে যুগল, ছিটকে গেলেন মুহূর্তে! ভয়াল ভিডিয়ো প্রকাশ্যে

ভিডিয়োয় দেখা গিয়েছে, দ্রুতগতিতে ধেয়ে আসা ট্রেনটির মুখোমুখি দাঁড়িয়ে আছেন তরুণ-তরুণী। সংঘর্ষের ঠিক আগের মুহূর্তে তাঁরা এগিয়ে আসা ট্রেনটির দিকে সরাসরি তাকিয়ে ছিলেন বলে মনে হচ্ছিল। চালক জরুরি ব্রেক কষার চেষ্টা করলেও লাভ হয়নি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১৭:০৮

ছবি: সংগৃহীত।

সজোরে ধেয়ে আসছে সাবওয়ে রেল। ট্র্যাকের মাঝখানে শান্ত ভাবে বসে রয়েছেন যুগল। কয়েক সেকেন্ডের মধ্যেই ভয়াবহ দুর্ঘটনা যে ঘটতে পারে, সে বিষয়ে কোনও ভ্রুক্ষেপ নেই তাঁদের। হলও তাই। প্রবল গতিতে ছুটে আসা ট্রেনের ধাক্কায় উড়ে গেলেন যুগল। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে, ম্যানহাটনের ডাউনটাউনে সাবওয়ের ট্র্যাকে। সেই মারাত্মক ঘটনারই একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

‘ডেলি মেল’-এর প্রতিবেদন অনুসারে, গত রবিবার এই ঘটনাট ঘটেছ নিউ ইয়র্কের ম্যানহাটনে। নিউ জার্সির সেয়ারভিলের বাসিন্দা, ২৪ বছর বয়সি এক তরুণ এবং নিউ ইয়র্কের ডেটনের বাসিন্দা ভারতীয় বংশোদ্ভূত এক তরুণী স্প্রিং স্ট্রিট স্টেশনের লাইনের উপর শান্ত ভাবে বসে ছিলেন। ঠিক সেই সময় ট্রেনটি এগিয়ে আসে। ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা গিয়েছে, দ্রুতগতিতে ধেয়ে আসা ট্রেনটির মুখোমুখি দাঁড়িয়ে আছেন তরুণ-তরুণী। সংঘর্ষের ঠিক আগের মুহূর্তে তাঁরা এগিয়ে আসা ট্রেনটির দিকে সরাসরি তাকিয়ে ছিলেন বলে মনে হচ্ছিল। চালক জরুরি ব্রেক কষার চেষ্টা করেন। কিন্তু তত ক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। ট্রেনটি দু’জনকেই ধাক্কা মারে।

ভিডিয়োটি এক্স হ্যান্ডলে ‘আরটি_কম’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। ভিডিয়োর ভয়াবহতা দেখে শিউরে উঠেছেন নেটমাধ্যম ব্যবহারকারীরা। অনেকেই ঘটনাটিকে দুঃখজনক বলে আখ্যা দিয়েছেন। নেটাগরিকদের এক জন লিখেছেন, ‘‘পরিস্থিতি কতটা শোচনীয় হলে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন যুগল।’’ সাবওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ভোর সওয়া ৩টে নাগাদ তাঁরা একটি ফোন পান। জানানো হয়, দু’জন ব্যক্তি ট্রেনের ধাক্কায় আহত হয়েছেন। নিউ ইয়র্ক পুলিশের এক মুখপাত্র ‘ডেলি মেল’কে জানিয়েছেন, ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারীরা ওই দু’জনকে লাইনের উপরেই পড়ে থাকতে দেখেন। এর পর ঘটনাস্থলেই তাঁদের মৃত ঘোষণা করা হয়। মর্মান্তিক ভিডিয়োটিতে দেখা গিয়েছে, প্ল্যাটফর্মে একটি মৃতদেহ ঢাকা অবস্থায় পড়ে আছে। ঘটনার পর স্টেশনটি সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়।

Couple Death Manhattan new york

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy