অন্ধকার রাস্তায় বাইক নিয়ে পণ্য পৌঁছে দিতে আসছিলেন এক তরুণ। রাস্তার মাঝখানে থাকা একটি গর্ত দেখতে না পেয়ে সটান বাইক নিয়ে পাতালে প্রবেশ করলেন তিনি। সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি উত্তরপ্রদেশের কানপুরের। রাস্তার একটি অন্ধকার অংশে খোলা নর্দমার গর্তে বাইক নিয়ে পড়ে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হন ডেলিভারি কর্মী। এলাকায় থাকা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে ঘটনাটি। ভিডিয়োটি এক্স হ্যান্ডলে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
সংবাদ প্রতিবেদন অনুসারে ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে। একটি অর্ডার পৌঁছে দিতে ডেলিভারি কর্মী ওই এলাকাটির দিকে যাচ্ছিলেন। রাস্তায় দৃশ্যমানতা কম থাকায় তিনি বড় গর্তটি খেয়াল করতে পারেননি। সোজা গর্তে পড়ে অদৃশ্য হয়ে যান। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, বাইক নিয়ে রাস্তা দিয়ে এগিয়ে আসছেন ওই কর্মী। মাঝখানে খোঁড়া একটি গর্ত খেয়াল করতে না পেরে বাইকসমেত ‘পাতালে’ প্রবেশ করেন তিনি। ভিডিয়োয় দেখা যায়, তাঁর চিৎকার শুনে আশপাশের বাসিন্দারা ঘটনাস্থলের দিকে ছুটে যান। এর পর স্থানীয়েরা বাইকটিকে গর্ত থেকে টেনে বার করে চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে আহত তরুণের পরিবার তাঁকে অন্য একটি হাসপাতালে ভর্তি করে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রাস্তার নীচে একটি নর্দমা মেরামতির কাজ চলছিল। গর্তটি প্রায় ১৫ দিন ধরে খোলা অবস্থায় পড়ে ছিল। তারা আরও জানান যে পুরসভার কর্মীরা পয়ঃনিষ্কাশনের নর্দমাটি মেরামত করলেও পরবর্তী কালে রাস্তাটি যথাযথ ভাবে সারাই করা হয়নি। ফলে রাস্তায় একটি বড় গর্ত রয়েই গিয়েছিল। তার উপরে রাস্তায় যথেষ্ট আলোর অভাবও ছিল। বাইক নিয়ে আসা কর্মী গর্তটি ঠাহর করতে পারেননি। ভিডিয়োটি ‘দ্যতত্ত্ব’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করার পর বহু বার দেখা হয়েছে। দুর্ঘটনার জন্য স্থানীয় প্রশাসনকেই দায়ী করেছেন নেটাগরিকেরা।