শূন্য পকেট, কিন্তু উদার মন। পকেটে টাকা না থাকলেও, এক ভিক্ষুক দান করা থেকে পিছিয়ে এলেন না। বিহারের গয়ায় মহাবোধি মন্দিরের কাছে ঘটে যাওয়া এক হৃদয়স্পর্শী ঘটনা সমাজমাধ্যমে ব্যাপক ভাবে ছড়িয়ে পড়েছে। নিজে যেখানে প্রতিনিয়ত সংগ্রাম করে জীবনধারণ করছেন, সেখানে অন্যের প্রতি সহমর্মিতা ও ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এক প্রতিবন্ধী ব্যক্তি। তাঁর এই মানবিক আচরণের ভিডিয়োটি ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা গিয়েছে, মহাবোধি মন্দিরের কাছে রাস্তার পাশে বসে ভিক্ষা করছিলেন ওই ব্যক্তি। শারীরিক প্রতিবন্ধকতার কারণে তাঁর জীবন যে কতটা কঠিন, তা সহজেই অনুমান করা যায়। কিন্তু, তা সত্ত্বেও দানের মতো মহৎ পুণ্য থেকে পিছিয়ে আসেননি তিনি। দেখা যায়, সেই সময় রাস্তায় ভিক্ষুদের একটি বড়সড় দল ভিক্ষা করতে বেরিয়েছে। বৌদ্ধ ভিক্ষুদের সামনে আসতে দেখে ওই ভিক্ষুক নিজের পকেট থেকে কয়েকটি টাকা বার করে তাঁদের দান করেন। শুধু অর্থই নয়, নিজের কাছে থাকা যৎসামান্য খাবারও তাঁদের হাতে তুলে দেন। ভিডিয়োয় ধরা পড়েছে, বৌদ্ধ ভিক্ষুরা তাঁদের সঙ্গে দানপাত্র বয়ে নিয়ে যাচ্ছেন। রাস্তার পাশে বসে থাকা মলিন পোশাক পরা ওই প্রতিবন্ধী ব্যক্তি তাঁর পকেট হাতড়াতে শুরু করেন। সেই ঘটনা দেখে এক ভিক্ষু তাঁকে থামানোর চেষ্টা করেন। কিন্তু, বারণ না শুনেই ভিক্ষুক পকেট থেকে কিছু পয়সা এবং খাবারও ভিক্ষুর পাত্রে রেখে দেন।
দান করার পর, তিনি তাঁর টুপি খুলে দুই হাত দিয়ে সন্ন্যাসীর পা ছুঁয়ে শ্রদ্ধার সাথে মাথা নত করেন। এর বিনিময়ে সন্ন্যাসী তাঁকে একটি ছোট জলের বোতল ও এক প্যাকেট বিস্কুট দেন। তার পর, তিনি তাঁর দানপাত্র থেকে আরও এক প্যাকেট বিস্কুট ও কিছু নগদ টাকা নিয়ে ভিক্ষুকের মাথায় হাত রেখে তাঁকে আশীর্বাদ করেন। এই দৃশ্য দেখে আশেপাশের অন্যান্য সন্ন্যাসী ও লোকজনও আনন্দিত হন।
আরও পড়ুন:
ভিডিয়োটি ‘আদিত্য যাদব’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। প্রচুর মানুষ ভিডিয়োটি দেখেছেন ইতিমধ্যেই। সমাজমাধ্যম ব্যবহারকারীরা ভিক্ষুকের আচরণের অকুণ্ঠ প্রশংসা করেছেন। নেটাগরিকদের কেউ কেউ ওই প্রতিবন্ধী মানুষটিকে ‘পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি’ বলে অভিহিত করেন। তাঁর মানবতার উদাহরণ দেখে চোখ ভিজেছে নেটাগরিকদেরও। এক নেটাগরিক লিখেছেন, ‘‘সবাই বৌদ্ধদের প্রশংসা করছেন, কিন্তু আমি প্রশংসা করি সেই দরিদ্র, শারীরিক প্রতিবন্ধী মানুষটির, যিনি এক মুহূর্তও না ভেবে নিজের সর্বস্ব বিলিয়ে দিয়েছেন।’’