Advertisement
E-Paper

বিমানের ভিতরে কুকুরের প্রস্রাব! উড়ানের আগে যাত্রীদের সামনে দু’টি বিকল্প দিলেন বিমানচালক, চাইলেন ভোটও, তার পর?

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, বিমানবন্দরে অপেক্ষারত যাত্রীদের সামনে বিমানচালক ঘোষণা করছেন, একটি সমস্যার জেরে উ়ড়ানে বিলম্ব হতে পারে। তবে, যাত্রীরা চাইলে বিকল্প বেছে নিতে পারেন!

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৬ ১৬:২৩

ছবি: সংগৃহীত।

আবহাওয়া, যান্ত্রিক সমস্যা অথবা পরিচালনাগত ত্রুটির জন্য প্রায়ই উড়ানে বিলম্বের কথা শোনা যায়। কিন্তু, সম্প্রতি এমন একটি ঘটনা প্রকাশ্যে এসেছে, যেখানে সময়মতো যাত্রা শুরু না করতে পারার কারণ হিসেবে অদ্ভুত সমস্যার কথা জানিয়েছেন বিমানচালক। ঘটনাটি নিউ ইয়র্কের লা গার্ডিয়া বিমানবন্দরের। সমস্যাটি হল, একটি পোষা কুকুর! যাত্রীদের দু’টি বিকল্প দিয়েছিলেন বিমানচালক। তার মধ্যে একটিকে যাত্রীদের বেছে নিতে বলা হয়েছিল। যাত্রীদের প্রতিক্রিয়ার একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বিমানবন্দরে অপেক্ষারত যাত্রীদের সামনে বিমানচালক ঘোষণা করছেন, একটি সমস্যার জেরে তাঁদের উ়ড়ানে বিলম্ব হতে পারে। তবে, যাত্রীরা যদি সেই সমস্যা সঙ্গে নিয়েই যাত্রা শুরু করতে চান, তা হলে উড়ানে দেরি হবে না। তিনি যাত্রীদের হাত তুলে নিজেদের সিদ্ধান্ত জানাতে বলেন, যাতে তাঁরা কোন বিকল্পটি বেছে নিচ্ছেন, তা বোঝা যায়।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ডেল্টা এয়ারলাইন্‌সের যাত্রীদের এই অদ্ভুত দু’টি বিকল্প দেওয়া হয়েছিল। বিমানে একটি কুকুর প্রস্রাব করার পর কেবিন পরিষ্কার করার জন্য যাত্রা শুরু করতে বিলম্ব হতে পারে বলে জানান বিমানচালক। একই সঙ্গে তিনি জানান, যাত্রীরা চাইলে বিলম্ব এ়ড়াতে দুর্গন্ধ সহ্য করে সময় মতোই যাত্রা শুরু করতে পারেন। ভিডিয়োটি ইনস্টাগ্রামে ‘জেনিফারকফি’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। পোস্টকারী জানিয়েছেন, পাইলট যাত্রীদের হাত তুলে সিদ্ধান্ত জানাতে বলেছিলেন, যাতে বোঝা যায়, তাঁরা কোন বিকল্পটি বেছে নিচ্ছেন। তবে, ঘটনাটি ঠিক কবে ঘটেছে, তা স্পষ্ট করে বলা নেই ওই ভিডিয়োয়।

যাত্রীদের জানানো হয়েছিল, কেবিন পরিষ্কার করতে হলে উড়ানে দেরি হবে। আর, পরিষ্কার-পরিচ্ছন্নতা ছাড়াই যাত্রা শুরু করলে দুর্গন্ধময় পরিবেশে সময়টি কাটাতে হবে। বিমানচালক যাত্রীদের বিষয়টি জানানোর পাশাপাশি তাঁদের মতামত জানতে চান। তিনি জানান, আগের একটি উড়ানে বিমানের ভিতরে একটি কুকুর প্রস্রাব করেছিল। ফলে, যাত্রীদের সামনে দুটি বিকল্প ছিল — কেবিন পরিষ্কার না হওয়া পর্যন্ত অপেক্ষা করে দেরিতে উড়ান শুরু করা। অথবা, দুর্গন্ধ সহ্য করে নির্ধারিত সময়ে গন্তব্যের উদ্দেশে রওনা দেওয়া। ভিডিয়োয় দেখা যায়, ডেল্টা এয়ারলাইন্‌সের একটি গেটে যাত্রীরা জড়ো হয়ে বিমানচালকের প্রশ্নের জবাবে হাত তুলছেন।

ভিডিয়োটি পোস্ট করে পোস্টদাতা জানিয়েছেন, তিনি ওই নির্দিষ্ট উড়ানের যাত্রী ছিলেন না। কোন বিকল্পটি সর্বাধিক ভোট পেয়েছে, বা পরিষ্কার করার জন্য উড়ানের দেরি হয়েছিল কি না, তা ভিডিয়োয় স্পষ্ট হয়নি। ভিডিয়োটি ভাইরাল হতেই কয়েক লক্ষ বার দেখা হয়েছে সেটি। মন্তব্যের ঝড় বয়ে গিয়েছে সমাজমাধ্যমে। অনেকেই নিজেদের মতামত প্রকাশ করে বলেছেন, বিমানে অন্যান্য অপ্রীতিকর অভিজ্ঞতার মুখোমুখি হওয়ার চেয়ে তাঁরা বরং কুকুরের এমন দুর্ঘটনা মেনে নিতে বেশি স্বচ্ছন্দ।

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy