বিয়ের পর পরই স্বামীর সঙ্গে চিড়িয়াখানায় বেড়াতে এসেছিলেন তরুণী। তাঁর স্বামী বাইকটি রাখতে গিয়েছিলেন কিছু দূরে। ফিরে এসে দেখা পাননি ১৮ বছর বয়সি স্ত্রীর। ততক্ষণে প্রেমিকের বাইকে চড়ে উধাও হয়ে গিয়েছিলেন তিনি। ২০ দিন পর তাঁকে খুঁজে বার করল পুলিশ। অক্ষত অবস্থায় তাঁকে ফিরিয়ে এনেছেন পুলিশকর্মীরা। তরুণী উধাও হয়ে যাওয়ার দিনই সিসিটিভি ফুটেজে দেখা যায়, অন্য এক তরুণের বাইকে চেপে চলে যাচ্ছেন তিনি। সমাজমাধ্যমে ভাইরালও হয়েছিল সেই ফুটেজটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তরুণী নিখোঁজ হওয়ার পর তাঁর স্বামী সন্দেহ প্রকাশ করেছিলেন, স্ত্রী প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছেন। পুলিশ ওই তরুণীকে খুঁজে পাওয়ার পর জানিয়েছে, তিনি নাকি পথ হারিয়ে ফেলেছিলেন! তরুণীর দাবি, সিসিটিভি ফুটেজে দেখা ব্যক্তির কাছ থেকে লিফ্ট নিয়েছিলেন তিনি। তাঁর এই বক্তব্যের পাশাপাশি, পুলিশ সেই ফুটেজটিও খতিয়ে দেখছে। অপর যে ব্যক্তির বাইকে চড়ে তরুণী ঘটনাস্থল ত্যাগ করেছিলেন, তাঁর ভূমিকা নিয়েও পুলিশ তদন্ত করছে। গত ৬ অক্টোবর, শিবপুরী জেলার নারওয়ারের বাসিন্দা ২১ বছর বয়সি এক তরুণ তাঁর স্ত্রীকে নিয়ে গ্বালিয়র চিড়িয়াখানায় ঘুরতে গিয়েছিলেন। চিড়িয়াখানায় পৌঁছোনোর পর, তরুণ তাঁর স্ত্রীকে প্রবেশপথের কাছে অপেক্ষা করতে বলে মোটরবাইক পার্ক করতে যান। কিন্তু, কয়েক মিনিট পর ফিরে এসে তিনি দেখেন, তাঁর স্ত্রী সেখানে নেই। এর পর আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেন তিনি। পরবর্তীতে সিসিটিভি ফুটেজে স্ত্রীকে অন্য এক পুরুষের সঙ্গে বাইকের পিছনে বসে চলে যেতে দেখেন। এর পরিপ্রেক্ষিতে তরুণীর স্বামী এক আত্মীয়কে সঙ্গে করে এনে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পর তিনি মোটরবাইক চালককে আরমান খান বলে শনাক্ত করেন। তিনি আরও অভিযোগ করেন, স্ত্রী ও আরমানের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল।
চিফ সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (সিএসপি) রবিন জৈন জানান, প্রাপ্তবয়স্ক হওয়ায় তরুণী নিজের ইচ্ছামতো যে কোনও জায়গায় যেতে পারেন। যদি না তাঁকে জোর করে নিয়ে যাওয়া হয়ে থাকে। তাঁকে খুঁজে পাওয়া গিয়েছে। এর পর আদালতে তাঁর জবানবন্দি রেকর্ড করা হবে। সেখানে যে তথ্য উঠে আসবে, তার ভিত্তিতেই পরবর্তী আইনি পদক্ষেপ করা হবে।