আবার আশঙ্কার মেঘ ঘনাচ্ছে নেপালে। এ বার ভূমিধস। পাহাড় থেকে প্রবল বেগে আছড়ে পড়ছে পাথর ও ধুলো মিশ্রিত ধ্বংসাবশেষ। নেপালে একটানা বৃষ্টির মধ্যে আরও একটি বড় বিপদ দেখা দিয়েছে। দারচুলা জেলায় একটি বিশাল ভূমিধসের ভয়ানক দৃশ্য ধরা পড়েছে ক্যামেরায়। ভিডিয়োটি নেটমাধ্যমে ছড়িয়ে পড়তেই নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
সংবাদ প্রতিবেদন অনুসারে, এই ভয়াবহ ভূমিধসের পর চৌলানি নদীর প্রবাহ আংশিক ভাবে থেমে গেছে। সেই নদীতে বিপুল পরিমাণ ধ্বংসাবশেষ পড়ে নদীর জলপথকে সঙ্কীর্ণ করে তুলেছে। স্থানীয় কর্তৃপক্ষের আশঙ্কা, যদি আরও একটি ভূমিধস হয় এবং নদীটি সম্পূর্ণ রূপে অবরুদ্ধ হয়ে যায়, তা হলে জমে থাকা জল হঠাৎ করে বাঁধ ভেঙে ভাটির দিকে ভয়াবহ বন্যা ঘটাতে পারে। এই ভূমিধসটি আপি হিমাল গ্রামীণ পুরসভা ভাট্টার এলাকায় ঘটেছে। পাহাড়ের একটি বড় অংশ ধসে চৌলানি নদীতে পড়ে নদীর স্বাভাবিক প্রবাহকে ব্যাহত করেছে। নদীর গতিপথে ধ্বংসাবশেষের স্তূপ তৈরি করেছে।
সশস্ত্র পুলিশবাহিনীর মতে, চৌলানি নদীর জলস্তর বর্তমানে স্বাভাবিক। তবে, পাহাড়ে অস্থিরতার কারণে আর একটি ভূমিধসের আশঙ্কা রয়েছে। যদি নতুন কোনও ভূমিধস হয় তবে সেই ধ্বংসাবশেষ নদীতে পড়ে পুরো নদীপথ বন্ধ করে দিতে পারে। এই ঘটনা ঘটলে উজানে জল জমতে শুরু করবে। কিছু ক্ষণ পর, জমে থাকা ধ্বংসাবশেষ বা পাথরের বাধা ফাটিয়ে তীব্র জলস্রোত হঠাৎ করে উপত্যকার দিকে ছুটে এসে ভাসিয়ে নিয়ে যেতে পারে।
আরও পড়ুন:
দারচুলা জেলা প্রশাসন চৌলানি নদীর উপত্যকার বাসিন্দাদের সতর্ক করেছে। তাঁদের নদীর তীর এড়িয়ে চলতে বলা হয়েছে। জলস্তরের কোনও আকস্মিক পরিবর্তন ঘটলে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে অনুরোধ করা হয়েছে বাসিন্দাদের। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তাবাহিনীও মোতায়েন করা হয়েছে বলে সূত্রের খবর। ভিডিয়োটি ‘ওয়েদারমনিটর’ নামের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই প্রচুর মানুষ ভিডিয়োটি দেখেছেন। ভিডিয়োটি দেখার পর নেপালের অবস্থা নিয়েও শঙ্কিত হয়েছেন নেটাগরিকেরা।