ঊর্ধ্বাঙ্গ খালি। হাতে ছুরি। জনসমক্ষে ধারালো অস্ত্র হাতে ছুটে বেড়াচ্ছেন এক তরুণ। এমন দৃশ্য দেখে আতঙ্ক ছড়াল হংকঙে। ছুরি হাতে কয়েক জনকে ঘায়েল করলেন তরুণ। সোমবার সকালে হংকঙের পোক ফু লামের বাগুইও ভিলার এক অভিজাত এলাকার ঘটনা। ছুরি হাতে দৌড়ে বেড়াচ্ছেন তরুণ, এমন ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, খালি পায়ে ও খালি গায়ে থাকা অবস্থায় একটি ছুরি হাতে নিয়ে ছুটে বেড়াচ্ছেন তরুণ। ভিক্টোরিয়া রোডে অবস্থিত বাগুইও ভিলাতে সকাল ৯টার দিকে ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। পরনে শুধু একটি কালো ট্র্যাকপ্যান্ট। খালি গায়েই তিনি ৪৭ নম্বর ব্লকের তাঁর ফ্ল্যাট থেকে বেরিয়ে আসেন। ছুরি হাতে তিনি এক নিরাপত্তারক্ষীর মুখোমুখি হন। ধস্তাধস্তি শুরু হয় দু’জনের। সংঘর্ষটি দেখে আবাসনের অন্যান্য নিরাপত্তারক্ষী ঘটনাস্থলে ছুটে যান। তাঁদের হাত থেকে নিজেকে ছাড়িয়ে তরুণ পাশ দিয়ে যাওয়া এক বিদেশি পরিচারককে আক্রমণ করেন বলে অভিযোগ উঠেছে। তাঁর পিঠে ছুরি দিয়ে আঘাত করেন অভিযুক্ত তরুণ। পরে নিরাপত্তারক্ষীরা তাঁকে কব্জা করে পুলিশের হাতে তুলে দেন। পুলিশ জানিয়েছে অভিযুক্তের বয়স ২২ বছর। পরবর্তীতে তদন্তের অংশ হিসাবে সন্দেহভাজনের ফ্ল্যাটে তল্লাশি চালায় পুলিশ।
আহত পরিচারক ও এক নিরাপত্তাকর্মীকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গ্রেফতার হওয়া তরুণের সঙ্গে সংঘর্ষের সময় নিরাপত্তাকর্মী আহত হন। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে যে, সন্দেহভাজন ব্যক্তি মানসিক সমস্যায় ভুগছিলেন বলে মনে করা হচ্ছে। তবে এই হামলার আসল কারণ জানার জন্য পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে। ভিডিয়োটি এক্স হ্যান্ডলের ‘ক্যাওসলেন্সএক্স’ নামের অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে।