অটোর অপেক্ষায় দাঁড়িয়ে থাকা এক তরুণীর কাছে যেচে স্কুটারে ওঠার প্রস্তাব দিলেন এক তরুণ। তিনি নিজেকে অ্যাপবাইক চালক হিসাবে পরিচয় দিয়ে বাইকে ওঠার জন্য পী়ড়াপিড়ি করতে শুরু করেন। তরুণী অ্যাপে বাইক বুক করেনননি। সন্দেহ হওয়ায় তিনি তরুণকে পাল্টা প্রশ্ন করে তাঁর পরিচয়পত্র দেখানোর জন্য জোরাজুরি করতে থাকেন। তাতেই ফাঁস হয়ে যায় আসল ঘটনা। রাত ৯টার সময় চারমিনারে অটোর অপেক্ষায় দাঁড়িয়ে থাকা হায়দরাবাদের এক বিষয়স্রষ্টা তাঁর অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন একটি ভিডিয়োয়। ভিডিয়োটি ইনস্টাগ্রামে প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় তরুণীকে বলতে শোনা গিয়েছে, শনিবার রাত ৯টার দিকে তিনি চারমিনারের কাছে অটোর জন্য অপেক্ষা করছিলেন। এমন সময় এক তরুণ স্কুটার নিয়ে তাঁর কাছে এসে জিজ্ঞাসা করেন, “আপনি কোথায় যাচ্ছেন? আমি কি আপনাকে নামিয়ে দেব?”
ভিডিয়োয় স্কুটারে থাকা লোকটিকে জিজ্ঞাসা করতে শোনা যায়, “আপনার কি অ্যাপবাইক লাগবে ম্যাডাম?” এর পর তরুণী তাঁকে জিজ্ঞাসা করেন যে তিনি অ্যাপবাইক চালক কি না। তরুণ চালককে পরিচয়পত্র দেখাতে বলেন বিষয়স্রষ্টা। ভিডিয়োয় তরুণী দেখান স্কুটারের নম্বরও অনুপস্থিত। বিষয়স্রষ্টা তরুণীর দাবি, পরিচয়পত্র দেখানোর পরিবর্তে প্লেস্টোর থেকে নির্দিষ্ট বাইক বুকিং অ্যাপটি ডাউনলোড করতে শুরু করেন তরুণ। এর পর তরুণীর সঙ্গে বাগ্বিতণ্ডা শুরু হয়ে যায় স্কুটার নিয়ে আসা তরুণের। বিষয়স্রষ্টা তরুণী দৃঢ়কণ্ঠে তাঁকে জায়গাটি ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেন।
ইনস্টাগ্রামে ‘আইঅ্যামসিদ্ধি’ নামের অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করে তরুণী লিখেছেন তিনি কেবলমাত্র একটি নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে ক্যাব বা অটো বুক করেন। কখনওই বাইক পরিষেবা বুক করেন না। নির্দিষ্ট ওই অ্যাপের পরিষেবা নিয়ে তিনি প্রশংসাসূচক মন্তব্য করেছেন ক্যাপশনে। ভিডিয়োটি পোস্ট করার পর সেটি ২০ লক্ষ বার দেখা হয়েছে। প্রায় ১ লক্ষ ৭০ হাজার লাইক জমা প়ড়েছে তাতে। প্রচুর মানুষ প্রতিক্রিয়া দিয়েছেন ভিডিয়োয়। ভিডিয়োটি ভাইরাল হতেই অ্যাপভিত্তিক পরিষেবা সংস্থাটির পক্ষ থেকেও বিবৃতি দেওয়া হয়েছে। সংস্থাটি তরুণীকে বিষয়টি তাদের গোচরে আনার জন্য ধন্যবাদও দিয়েছেন।