মারা গিয়েছে মা। মৃত মায়ের বুক আঁকড়ে রয়েছে শিশু। কোনও ভাবেই আলাদা করা যাচ্ছে না তাকে। মানবশিশুর মতোই মায়ের কোলে শুয়ে রয়েছে বাঁদরছানা। তাকে সরিয়ে আনতে বেগ পাচ্ছেন কয়েক জন তরুণ। এমনই এক হৃদয়বিদারক দৃশ্য ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। এই মর্মান্তিক ঘটনাটি কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে সে সম্পর্কে কোনও তথ্য অবশ্য পাওয়া যায়নি।
আরও পড়ুন:
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি পূর্ণবয়স্ক মেয়ে বাঁদরের মৃত্যু হয়েছে। তাকে সমাধি দেওয়ার জন্য জড়ো হয়েছেন কয়েক জন তরুণ। মাটি খুঁড়ে প্রাণীটির সৎকারের ব্যবস্থা চলছে। বাঁদরটিকে সমাধি দেওয়ার সময় দেখা যায় তার বুকের উপর রয়েছে হতভাগ্য বাঁদরছানাটি। মা যে মৃত তা মানতেই পারছে না শাবকটি। তাকে এক তরুণ মায়ের থেকে আলাদা করার চেষ্টা করে। এক হাতে শিশু বাঁদরটিকে মায়ের বুক থেকে টেনে তোলার চেষ্টা করেন তরুণ। জোর করে টেনে আনার পরও আবার সে ফিরে যায় মৃত বাঁদরটির কাছেই। মায়ের কাছেই ফিরে যায় শাবকটি। মা-হারা বাঁদরছানাটি আশা করছিল তার মা আবার জেগে উঠবে। তরুণের হাত থেকে পালিয়ে নেমে যায় মায়ের কাছে। মা বাঁদরটিকে সমাধিস্থ করতে আসা তরুণ এ বার দু’হাত ধরে বাঁদরের ছানাটিকে সযত্নে দু’হাতে তুলে মায়ের কাছ থেকে আলাদা করেন।
এক্স হ্যান্ডলে ‘লস্টটেম্পল’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর ভিডিয়োটি দেখার পর চোখ ভিজেছে নেটাগরিকদের। কয়েক হাজার বার দেখা হয়েছে ভিডিয়োটি। প্রচুর মানুষ তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন মন্তব্য বিভাগে। এক নেটাগরিক লিখেছেন, মানুষের মতো বনের প্রাণীরাও মায়া-মমতা ও স্নেহের কাঙাল। দুঃখ, কষ্টের অনুভূতিও রয়েছে তাদেরও। অন্য এক নেটাগরিক লিখেছেন, ‘‘মা-ই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ।’’