গভীর রাত। রাতের নিস্তব্ধতা খান খান করে তীব্র গতিতে ছুটে যাচ্ছে একটি চারচাকা। সেই চলন্ত গাড়ির বনেটের উপর বসে রয়েছেন এক তরুণ। বিপদের তোয়াক্কা না করেই গাড়ি চালিয়ে যাচ্ছেন চালক। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের ঠাণের একটি এলাকায়। সেই ঘটনারই একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, গাড়ির সামনের অংশে আধশোয়া অবস্থায় রয়েছেন এক তরুণ। গাড়ির ভিতরেও রয়েছেন কয়েক জন। ওই অবস্থাতেই গাড়িটি জনবহুল রাস্তা দিয়ে প্রবল গতিতে চালিয়ে আনা হয়েছে। আর গোটা দৃশ্যটি রাস্তায় দাঁড়িয়ে ক্যামেরাবন্দি করেছেন অন্য এক ব্যক্তি। ভিডিয়োটি নেটমাধ্যমে ছড়িয়ে পড়তেই এই ধরনের ভিডিয়ো তৈরির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন নেটাগরিকেরা। সামান্য এ দিক-ও দিক হলে বা হঠাৎ ব্রেক করার ফলে একটি মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারত। তা ছাড়া, উল্টো দিক থেকে যদি কোনও যান চলে আসত তা হলেও সমস্যা তৈরি হতে পারত বলে মনে করছেন অনেকেই।
ভিডিয়োটি ‘এবিপিনিউজ়টিভি’-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি দেখার পর তরুণ আচরণ নিয়ে নিন্দার ঝড় বয়ে গিয়েছে নেটপাড়ায়। নেটাগরিকদের মতে, ভাইরাল হওয়ার আকাঙ্ক্ষায় মানুষ প্রায়শই এমন সব কাণ্ড ঘটায় যা তাদের নিজেদের এবং অন্যদের জন্য বিপজ্জনক হতে পারে। সমাজমাধ্যমে ভিউ এবং লাইক পাওয়ার আশায় কয়েক সেকেন্ডের একটি ভিডিয়ো তৈরি করার জন্য প্রাণের ঝুঁকি নেওয়া অনুচিত। রাস্তায় এই ধরনের অসাবধানতার কারণে একটি গুরুতর দুর্ঘটনা ঘটতে পারত বলে মনে করছেন তাঁরা। এক নেটাগরিক লিখেছেন, ‘‘মৃত্যুকে যেন সেধে ডেকে আনছেন তরুণ।’’