কথায় আছে ভাগ্য খারাপ থাকলে দুর্ঘটনাও পিছু ছাড়ে না। উপকার করতে গেলেও তা ব্যর্থতায় পর্যবসিত হয়। তেমনই এক কাণ্ড ঘটেছে এক তরুণের সঙ্গে। আহত এক বালককে কোলে করে কর্দমাক্ত পথ পার করতে গিয়ে তিনি যা কাণ্ড ঘটালেন তাতে ফল হল উল্টো। করুণ অথচ হাস্যকর একটি ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, এক নাবালকের হাত ও পায়ে আঘাত লেগেছে। সম্ভবত তাঁর পা ভেঙে গেছে। এ কারণেই তাকে কোলে করে নিয়ে যাচ্ছেন অন্য এক তরুণ। তাঁরা যে পথ দিয়ে যাচ্ছেন সেই রাস্তাটি পুরোপুরি কাদায় ভরা। এরই মধ্যে, আহত কিশোরকে বহনকারী তরুণ পা পিছলে পড়ে যান। কোলে থাকা নাবালকও পড়ে যায় সেই কাদাভরা রাস্তায়। সে আগে থেকেই আহত ছিল এবং পড়ে যাওয়ার ফলে নতুন করে চোট লাগে। অন্য লোকটি তাঁকে তোলার চেষ্টা করেন। তাতে পরিস্থিতি আরও সঙ্গিন হয়ে ওঠে। কাদায় আবারও তাঁর পা পিছলে যায়। দু’জনেই পড়ে যান। আঘাত দ্বিগুণ হতেই নাবালক কাঁদতে শুরু করে। সেই ভিডিয়োটিই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিয়োটি ‘আইঅ্যাম ইরফানআলি’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করার পর তা বহু মানুষ দেখেছেন। মাত্র ১৫ সেকেন্ডের ভিডিয়োটি দেখার পর প্রচুর নেটাগরিক তাতে প্রতিক্রিয়া জানিয়েছেন। মজার মজার মন্তব্যে ভরে গিয়েছে মন্তব্য বিভাগটি। এক নেটাগরিক লিখেছেন, ‘‘সাহায্য করতে এসে বেচারার সব ক’টা হাড়ই ভেঙে দিলেন।’’ দ্বিতীয় নেটাগরিক লিখেছেন, ‘‘ভাল কাজ করতে এসে কাণ্ড ঘটিয়ে চলে গেলেন। একেই বলে দুর্ভাগ্য।’’