সহকর্মীর সঙ্গে পার্কে অন্তরঙ্গ অবস্থায় ধরা পড়লেন এক তরুণ। পার্কের একটি বেঞ্চে বসে ধোপদুরস্ত পোশাক পরা ঘনিষ্ঠ অবস্থায় বসে থাকতে দেখা গিয়েছে এক যুগলকে। তাঁরা একে অপরকে জড়িয়ে ধরে চুম্বন করছিলেন। এক টিকটকার ভিডিয়ো করতে করতে সে দিকেই ক্যামেরা ঘুরিয়ে দৃশ্যটি ক্যামেরাবন্দি করে ফেলেন। প্রথম সারির মার্কিন গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে ভিডিয়োয় থাকা যুগল নিউ ইয়র্কের ম্যানহ্যাটনের একটি বিখ্যাত আইন সংস্থার সহকর্মী। তাঁরা সেন্ট্রাল পার্কে একসঙ্গে সময় কাটাচ্ছিলেন। সমাজমাধ্যমে ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, এক বিষয়স্রষ্টা পার্কে গিয়ে চুম্বনরত তরুণ-তরুণীর দিকে ক্যামেরা ঘুরিয়ে চিৎকার করে বলেন, ‘‘একটা ঘরে যান, এখানে বাচ্চারা আছে।’’ এই আকস্মিক মন্তব্যে দু’জনেই চমকে ওঠেন এবং সঙ্গে সঙ্গে ক্যামেরা থেকে আড়াল হওয়ার চেষ্টা করেন। দম্পতি যখন নিজেদের মতো করে অন্তরঙ্গ ভাবে সময় কাটাচ্ছিলেন, তখনই ওই বিষয়স্রষ্টা ক্যামেরা নিয়ে তাঁদের সামনে গিয়ে দাঁড়ান। নিজেদের ব্যক্তিগত মুহূর্ত ক্যামেরাবন্দি হতে দেখে রুখে দাঁড়ান তরুণ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে টিকটকারকে বলতে শোনা যায়, ‘‘আমাকে স্পর্শ করবেন না। যদি স্পর্শ করেন, তা হলে আমাকেও পাল্টা জবাব দিতে হবে।’’ তরুণের আপত্তি সত্ত্বেও তিনি ভিডিয়ো করা বন্ধ করেননি। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, জে গুয়াপোর নামের ওই টিকটকার বিতর্কিত প্র্যাঙ্ক ভিডিয়ো তৈরির জন্য পরিচিত।
ভিডিয়োটি এক্স হ্যান্ডলে প্রকাশিত ‘মিশ্রটার্টলএক্স’ নামের অ্যকাউন্ট থেকে পোস্ট করার পর তা ইতিমধ্যেই বহু বার দেখা হয়েছে। ভাইরাল হওয়ার পর বিভিন্ন সংবাদ প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই যুগল ম্যানহাটনের একটি বহুল আলোচিত আইনসংস্থা ওয়াচটেল, লিপটন, রোজেন অ্যান্ড কাটজ়-এর কর্মী। এই আইনসংস্থাটি স্যাম অল্টম্যানের সংস্থাকে আইনি সহায়তা দিয়ে থাকে। সেই সংস্থারই উচ্চপদস্থ কর্তা নাথানিয়েল ডি. কুলারটন তাঁর ২৯ বছরের সহকর্মী কেলসি বোরেনজাইগের সঙ্গে পার্কে ঘনিষ্ঠ অবস্থায় ক্যামেরাবন্দি হন বলে সংবাদ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ভিডিয়োটি দেখার পর কিসক্যাম বিতর্কের সঙ্গে ঘটনাটির তুলনা টেনেছেন নেটাগরিকদের একাংশ।